শৈলকুপায় হাঁস চুরি নিয়ে সংঘর্ষে আহত ৫

0

শৈলকুপা(ঝিনাইদহ)সংবাদদাতা॥ ঝিনাইদহের শৈলকুপার গোকুলনগর গ্রামে সোমবার সকালে হাঁস চুরিকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ৫ ব্যক্তি আহত গুরুতর হয়েছেন। আহতদের চিকিৎসার জন্যে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবসীরা জানান, গত ৬ সেপ্টেম্বরের বুধবার কুমার নদ থেকে দহকোলা গ্রামের সিতাব খার ১১টি হাঁস চুরি করে বাড়িতে রেখে দেন একই গ্রামের শ্যামচাদের ছেলে নীলচাদ। এ ঘটনা জানাজানি হলে সিতাব খাঁ গোকুলনগর গ্রামের সেকেন্দার বিশ্বাসের সাথে নীলচাদের বাড়িতে ঘটনাটি জানতে যান। এ ঘটনা নীলচাদ তার সামাজিক মাতব্বর গোকুলনগর গ্রামের আমজাদ বিশ্বাসকে জানালে হামলার শিকার হন সেকেন্দার বিশ্বাস। হামলার ঘটনায় শৈলকুপা থানায় সেকেন্দার বিশ্বাসের ভাই শুকুর বিশ্বাস বাদি হয়ে আমজাদসহ ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। রোববার জামিনে মুক্তি পেয়ে সোমবার সকালে সেকেন্দারের বাড়িতে হামলা চালান আমজাদ সমর্থকরা। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। হামলায় সেকেন্দারের ছেলে আলমগীর টেটাবিদ্ধসহ ৫ ব্যক্তি আহত হন। আহতদের শৈলকুপা ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, হাঁস চুরিকে কেন্দ্র করে গোকুলনগর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েক ব্যক্তি আহত হয়। এলাকায় আইনশৃংলা নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।