শৈলকুপায় প্রতিবন্ধী নারীকে রড দিয়ে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের শৈলকুপায় প্রতিবন্ধী নারী হালিমা খাতুনকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। তাকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর বোয়ালিয়া গ্রামে।
এ ঘটনায় শৈলকুপা থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন আহত হালিমার ছেলে নাজিউর রহমান। মামলায় উত্তর বোয়ালিয়া গ্রামের সিরাজ মন্ডলের ছেলে আনোয়ার হোসেন মন্ডল ও তার ভাই ঝন্টু মন্ডল, ঝন্টুর স্ত্রী রাজিয়া খাতুন ও মেয়ে বৈশাখী খাতুনকে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট পাটকাঠি নাড়াকে কেন্দ্র করে অভিযুক্তদের সাথে সামান্য কথা-কাটাকাটি হয় হালিমার। এ ঘটনায় আসামিরা লোহার রড, বাঁশের লাঠি ও কাঁঠের বাটাম নিয়ে হালিমার বাড়িতে ঢুকে মারধর করে। এতে হালিমার হাত ভেঙে যায়। এসময় ভুক্তভোগীর পুত্রবধূ এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়। তাদের কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়। হালিমার স্বামী ইউনুচ আলী বলেন, আগেও তার স্ত্রীকে ঝন্টু মারধর করে। তারা প্রভাবশালী হওয়ায় ঝন্টুর বিরুদ্ধে কেউ কিছু বলতে পারে না। ফোন রিসিভ না করায় অভিযুক্ত ঝন্টু মন্ডলের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। শৈলকুপা থানার এসআই আলমগীর হোসেন বলেন, বিষয়টির তদন্ত করে সত্যতা মিলেছে। এঘটনায় শৈলকুপা থানায় একটি মামলা হয়েছে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত ঝন্টু পলাতক রয়েছে বলে পুলিশ জানায়।