শৈলকুপায় অগ্নিদগ্ধ হয়ে নারীর মৃত্যু

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহ শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রামে অগ্নিদগ্ধ হয়ে ফুলী খাতুন (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের খেলাফৎ শেখের স্ত্রী। শুক্রবার (১২ মে) ভোরের দিকে মশার কয়েল থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী। গ্রামবাসী জানায়, ফুলী খাতুন কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন। রাতে তিনি নিমার্ণাধীন একটি ঘরে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার ভোররাত চারটার দিকে কয়েল থেকে বিছানায় আগুন ধরে যায়। পরে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে মারাত্মক দগ্ধ হয় ফুলী খাতুন। আগুনের খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে আসেন। এ সময় ফুলী খাতুনকে দগ্ধ অবস্থায় তার ঘর থেকে উদ্ধার করে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক অবস্থায় কয়েলের আগুনে দগ্ধ হয়ে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। আগুনে দুইটি ছাগল ও একটি গরু মারা গেছে।