চৌগাছায় পানিতে ডুবে কৃষকের মৃত্যু

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের চৌগাছায় পানিতে ডুবে ওলিয়ার রহমান টেংরা (৭৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের জলকর মাধবপুর গ্রামে। ওলিয়ার রহমান মাধবপুর গ্রামে মৃত হোসেন আলীর ছেলে।
মৃত ওলিয়ার রহমানের ভাতিজা বাবলুর রহমান জানান, আমার চাচা প্রতিদিন মাধবপুর বাওড়ে তিনবার (সকাল, দুপুর ও সন্ধ্যায়) নিয়মিত গোসল করতেন। প্রতিদিনের ন্যায় তিনি বৃহস্পতিবার দুপুরে মাধবপুর দক্ষিণপাড়ার ঘাটে বাওড়ে গোসল করতে যান। বাড়িতে ফিরে আসতে দেরি হওয়ায় বাওড়ের ঘাটে আমার চাচি ফরিদা বেগম খুঁজতে গিয়ে দেখেন ঘাটের পানিতে তিনি ভেসে রয়েছেন। তার চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে চাচার মৃতদেহ উদ্ধার করেন। মৃত ওলিয়ার রহমান তিন মেয়ে ও তিন ছেলের পিতা। তার দুই ছেলে প্রবাসী। চৌগাছা থানার এস আই জয়নুল জানান, স্থানীয়দের মারফত খবর পেয়ে ঘটনাস্থলে যান।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ।