শার্শায় ডাকাতি, প্রধান অভিযুক্ত আটক করে ২ মোটরসাইকেল উদ্ধার করলো পুলিশ

0
ছবি: সংগৃহীত।

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শায় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে দুটি মোটরসাইকেল,টাকা ও স্বর্ণালঙ্কার ডাকাতি করে পালিয়ে যাওয়ার পর তাৎক্ষণিক পুলিশি অভিযানে রবিউল ইসলাম রবি নামে প্রধান অভিযুক্ত আটক হয়েছে। এ সময় লুট করা দুটি মোটরসাইকেল উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার মাটিপুকুর গ্রামে।

বুধবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার মাটিপুকুর গ্রামে ইয়াকুব আলীর বাড়িতে একদল ডাকাত হানা দেয়।

ইয়াকুব আলী জানান, ডাকাত দল তাদের পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় দুটি মোটরসাইকেল, টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় পরিবারের লোকজন চিৎকার করলে ডাকাতরা বিকট শব্দের কয়েকটি বোমার বিস্ফেরণ ঘটায়।

ভুক্তভোগী ও তার প্রতিবেশীদের অভিযোগ, ডাকাতির ঘটনায় নেতৃত্ব দিয়েছে মাটিপুকুর গ্রামের মৃত ছিদ্দিক আলীর ছেলে রবিউল ইসলাম রবি। রবির বিরুদ্ধে এর আগেও চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ডের অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে নাভারণ সার্কেল-এর সহকারী সিনিয়র পুলিশ সুপার আরিফ হোসেন জানান, খবর পেয়ে শার্শা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে বেনাপোল এলাকা থেকে প্রধান অভিযুক্ত রবিউল ইসলাম রবিকে আটক করে।

এ সময় পুলিশ দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে বলে জানান তিনি। তিনি বলেন এ ঘটনার সাথে জড়িত অন্যদের আটকে অভিযান চলছে।