যশোরে নিষিদ্ধ মহিলা লীগ নেত্রী বিলকিস সুলতানা সাথি আটক

0

স্টাফ রিপোর্টার: নিষিদ্ধ আওয়ামী মহিলা লীগের যশোর জেলা শাখার শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক বিলকিস সুলতানা সাথিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে শহরের মোল্লাপাড়া বাঁশতলা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, আটকের পর বিলকিস সুলতানা সাথিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি নাশকতাসহ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেন তিনি।

পুলিশ কর্মকর্তা আরও জানান, তার বিরুদ্ধে দায়ের হওয়া নাশকতার মামলায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

এদিকে একটি সূত্র জানিয়েছে, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহিলা লীগের পক্ষ থেকে গোপনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। পরবর্তীতে ওই কর্মসূচির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রকাশিত ছবি ও ভিডিওতে বিলকিস সুলতানা সাথিকেও দেখা গেছে বলে সূত্রটির দাবি।

তবে এ বিষয়ে বিলকিস সুলতানা সাথি বা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।