শার্শায় গৃহবধূকে হত্যায় স্বামীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শা উপজেলার কাগমারী (আমড়াখালী) গ্রামে ফাতেমা খাতুন (২৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে নিহতের স্বামী ও শ্বশুর-শাশুড়িসহ ৩ জনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে। নিহতের ভাই মো. আশানুর রহমান মঙ্গলবার রাতে মামলাটি করেছেন। তিনি পোড়াখালী গ্রামের মো. শাহাবুদ্দিন মোড়লের ছেলে। বুধবার ভোরে পুলিশ ওই মামলার এজাহারভুক্ত আসামি নিহতের শ্বশুর মো. জুলহাসকে (৬৫) আটক করেছে।
পুলিশ জানায়, মামলার অপর দুই আসামি হলেন, নিহতের স্বামী মো. সালাউদ্দিন ও শাশুড়ি মোছা. সালেহা খাতুন। তাদেরকেও আটকের চেষ্টা চলছে।
নিহতের ভাই আশানুর রহমানের অভিযোগ, ৩ বছর আগে আসামি সালাউদ্দিনের সাথে তার বোন ফাতেমার বিয়ে হয়। সাংসারিক জীবনে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কলহ লেগেই থাকতো। এরই মধ্যে আসামি সালাউদ্দিন ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-২৭৮৬) ক্রয় করেন। কিন্তু ঋণের টাকা ঠিকমতো পরিশোধ করতে না পারায় বাড়িতে এসে অশান্তি সৃষ্টিসহ ফাতেমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন সালাউদ্দিন। গত ১৮ ডিসেম্বরর সকালে সালাউদ্দিন স্ত্রী ফাতেমাকে রুটি বানাতে বলেন। কিন্তু রুটি না বানিয়ে ভাত রান্না করেন ফাতেমা। এ ঘটনায় ক্ষিপ্ত হন সালাউদ্দিন। এরই জের ধরে দুপুরে স্ত্রী ফাতেমাকে মারধর এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন সালাউদ্দিন। শ্বশুর জুলহাস ও শাশুড়ি সালেহার হুকুমে ফাতেমাকে এভাবে শ্বাসরোধে হত্যা করেছেন সালাউদ্দিন। পরে জুলহাস ও সালেহার সহায়তায় ফাতেমার লাশ সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যান নিহতের স্বামী। পরে এ খবর পেয়ে কাগমারী গ্রামে গিয়ে বোনের লাশ দেখতে পান আশানুর রহমান। পরবর্তীতে বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই শংকর বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।
পুলিশ জানায়, বুধবার সকালে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শংকর বিশ্বাস কাগমারী ব্রিজের ওপর থেকে এজাহারভুক্ত আসামি জুলহাসকে আটক করেন। পরে বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়।