শার্শায় অনলাইন জুয়া চক্রের নারী সদস্য গ্রেপ্তার

0
ছবি: সংগৃহীত।

অনলাইন রিপোর্টার ॥ যশোরের শার্শায় অনলাইন বেটিং ও জুয়া বিরোধী অভিযান চালিয়ে রুনা পারভীন (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। রোববার রাতে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল মোড়লপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক রুনা পারভীন ওই গ্রামের নুরুল আমিনের মেয়ে।

অভিযানকালে তার কাছ থেকে অনলাইনে জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন আইএমইআই নম্বর ও সক্রিয় সিম কার্ডসহ দুটি দামি স্মার্টফোন উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সাতমাইল এলাকার দেলবার মণ্ডলের বসতবাড়িতে একটি চক্র অবৈধ ইলেকট্রনিক ডিভাইস ও ই-ট্রানজেকশনের মাধ্যমে নিষিদ্ধ বেটিং সাইট ব্যবহার করে দীর্ঘদিন ধরে জুয়ার ব্যবসা চালিয়ে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই জয়নুল আবেদীনের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়।

রাত সাড়ে ৯টার দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য সদস্যরা পালিয়ে গেলেও রুনা পারভীনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অনলাইন বেটিংয়ের সাথে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় এসআই জয়নুল আবেদীন বাদী হয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করেছেন। সোমবার দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।