সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সতর্ক যশোর বিজিবি

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বিভিন্ন সীমান্তপথ ব্যবহার করে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও সীমান্তকেন্দ্রিক অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ করে দেশকে অস্থিতিশীল করতে পারে এমন কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশের চেষ্টা করলে কঠোরভাবে রুখে দেয়া হবে বলে জানিয়েছে বিজিবি।

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের হলরুমে স্থানীয় ও জাতীয় পর্যায়ের গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

সীমান্ত নিরাপত্তা জোরদার, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়েছে বিজিবি। এ ক্ষেত্রে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি সীমান্ত এলাকার অপরাধসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে বিজিবিকে সহায়তার আহ্বান জানিয়েছেন সভায় বিজিবি অধিনায়ক বলেন, দেশের স্থিতিশীলতা বিনষ্টের উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে। সংগঠনটির কোনো নেতাকর্মী কিংবা তাদের সহযোগী যাতে সীমান্তপথ ব্যবহার করে অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা শুধু বিজিবির একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। সীমান্ত এলাকায় সংঘটিত অপরাধ, অবৈধ অনুপ্রবেশ কিংবা সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে গণমাধ্যমকর্মীদের কাছে কোনো নির্ভরযোগ্য তথ্য থাকলে তা যথাযথভাবে বিজিবিকে জানানোর আহ্বান জানান তিনি।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান আরও বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে বিজিবি ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সীমান্ত এলাকার প্রকৃত পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি জনসচেতনতা তৈরিতেও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

মতবিনিময় সভায় যশোর ও বেনাপোল অঞ্চলে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা, টেলিভিশন এবং অনলাইন গণমাধ্যমের সাংবাদিকেরা অংশ নেন।