খড়কির এক বাড়িতে বোমা হামলা

মাদক নিয়ে দ্বন্দ্বে কিশোর গ্যাংয়ের সন্ত্রাস

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের খড়কির কাশারদিঘির এলাকার আব্দুল বাছিত মোল্যা নামে এক ব্যক্তির বাড়িতে গত সোমবার গভীর রাতে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বোমা বিস্ফোরিত হয়ে তার বাড়ির একটি জানালার গ্লাস ভেঙে গেলেও কেউ আহত হননি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ আলামত জব্দ করেছে। তবে এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারনি পুলিশ।

আব্দুল বাছিত মোল্যা গণমাধ্যম কর্মীদের জানান, রাত ১টা ২০ মিনিটের দিকে বোমা হামলা চালানো হয়। বোমা বিস্ফোরণের বিকট শব্দ শুনে বাড়ির সকলে আতঙ্কিত হয়ে পড়েন। বোমায় তার ঘরের একটি জানালার গ্লাস ভেঙে যায়। ঘরের ভেতর ধোঁয়া ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, এলাকার মাদক ব্যবসা, মাদকসেবন, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইতিমধ্যে ৫ নম্বর ওয়ার্ডের ৬টি পয়েন্টে সভা করা হয়েছে। আরও তিন থেকে চারটি স্থানে সভা করার পরিকল্পনা রয়েছে। তার ধারণা, মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এ ধরনের সামাজিক উদ্যোগ নেওয়ায় অপরাধীরা তাকে ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে তার বাড়িতে বোমা হামলার সাথে জড়িত থাকতে পারে।

৫ নম্বর ওয়ার্ড যুবদল নেতা জাহিদ হাসান টগর জানান, আব্দুল বাছিত মোল্যা বিএনপির রাজনীতির সাথে জড়িত। তিনি এলাকার মাদক ও সন্ত্রাস মুক্ত করতে কাজ করে যাচ্ছেন। এ কারণে অপরাধীরা তার বাড়িতে বোমার সাথে জড়িত থাকতে পারে।

যশোর কোতয়ালি থানা পুলিশের ওসি কবির হোসেন জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।