শার্শার ডিহি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, স্বজনপ্রীতি, অনিয়ম, দুর্নীতির অভিযোগ এনে ১২ জন ইউপি সদস্য সংবাদ সম্মেলন করেছেন। রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামানের অপসারণের দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. কামরুজ্জামান। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান নির্বাচিত সদস্যদের উপেক্ষা করে নিজের ইচ্ছামত পরিষদের সকল কার্যক্রম চালিয়ে আসছেন। সরকারের বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ, স্বজনপ্রীতি, অনিয়মতান্ত্রিকভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনা করে আসলেও কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহস পাননা।
সংবাদ সম্মেলনে ইউপি সদস্যরা চেয়ারম্যান আসাদুজ্জামানের বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট দুর্নীতির ফিরিস্তি তুলে ধরেন । এরমধ্যে ২০২২-২০২৩ অর্থ বছরের কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির বড় বরাদ্দ ৪ লাখ ২৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ছাড়াও টিসিবির মালামাল বন্টনে অনিয়ম, ভিজিডির চাল আত্মসাৎ, এলজিএসপি খাতে বেকার যুবকদের প্রশিক্ষণে অনিয়ম ও স্বজনপ্রীতি, ২০২১-২২ অর্থ বছরের বরাদ্দকৃত প্রকল্পের কাজ না করে আত্মসাৎ করা, ইউনিয়নের কোনো কাজে ইউপি সদস্যদের কাজের সুযোগ না দিয়ে ইচ্ছামতো কাজ করার অভিযোগ আনা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামানের এসব অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির বিচার চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য মো. মফিজুর রহমান মল্লিক, ২নং ওয়ার্ডের সদস্য আল আমিন, ৩ নং ওয়ার্ড সদস্য মো. ফারুক হোসেন, ৫ নং ওয়ার্ড সদস্য আব্দুল মান্নান, ৬ নং ওয়ার্ড সদস্য মো. সিদ্দিক জামান লাল্টু, ৭ নং ওয়ার্ড সদস্য মো. রিজাউল ইসলাম, ৯ নং ওয়ার্ড সদস্য মো আজিজুর রহমান ও সংরক্ষিত মহিলা সদস্য রুপালী বেগম, মোছা. মিনু খাতুন , বিলকিছ বেগম। অভিযোগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মুকুলের মুঠোফোনে একাধিক বার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। এবিষয়ে শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল বলেন, মেম্বারদের অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।