শরণখোলায় পানির নিচে ৫শ হেক্টর আমনের বীজতলা

0

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের শরণখোলায় তিনদিনের ভারী বর্ষণে আমন আবাদের জমি প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে প্রায় ৫শ হেক্টর জমির আমনের বীজতলা। পানির কারণে চাষ বন্ধ রয়েছে চাষিদের। অব্যাহত বৃষ্টির কারণে বীজতলা নষ্টের আশংকায় রয়েছেন চাষিরা। তারা পানি অপসারণের জন্যে স্থানীয় বলেশ্বর নদীর সাথে সংযুক্ত স্লুইসগেটগুলো খুলে দেয়ার দাবি জানিয়েছেন।
সোমবার দুপুরে উপজেলার সাউথখলী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের চাষি জামাল বয়াতী, জাহাঙ্গীর তালুকদার,শরৎ চন্দ্র মন্ডল জানান, গত তিনদিনের ভারী বর্ষণে তাদের আমনের বীজতলার অধিকাংশই বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। বীজতলা নষ্ট হলে এ বছর তাদের আমন চাষ হুমকির মুখে পড়বে। বৃষ্টির পানি যাতে স্থায়ী না হয় তারজন্যে বন্ধ স্লুইসগেটগুলে দ্রুত খুলে দেয়ার দাবী জানান চাষিরা।
শরণখোলা উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকার জানান, এ বছর শরণখোলায় প্রায় ৯ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হবে। ৬৮৬ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। গত কয়েক দিনের ভারী বর্ষণে অনেক বীজতলা পানিতে ডুবে গেছে। তবে বৃষ্টির পানি অপসারণের জন্যে স্লুইসগেটগুলো খুলে দেয়া হয়েছে ।