শরণখোলায় নারীসহ তিন ‘গরুচোর’ আটক

0

 

 

শরণখোলা(বাগেরহাট)সংবাদদাতা ॥ বাগেরহাটের শরণখোলায় গরু চুরি করে পালানোর সময় নারীসহ তিন ‘চোর’কে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। শনিবার দুপুরে ওই তিন চোরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এদের কাছ থেকে দুটি গরু উদ্ধার করা হয়েছে। যার মূল্য প্রায় এক লাখ টাকা।
আটক চোরেরা হলেন উপজেলার রায়েন্দা ইউনিয়নের জিলবুনিয়া গ্রামের মৃত জাহাঙ্গীর হাওলাদারের স্ত্রী হালিমা বেগম (৩৫), ধানসাগর ইউনিয়নের দক্ষিণ বাধাল গ্রামের নূরুল ইসলামের ছেলে ছরোয়ার হাওলাদার (৪০) ও ইদ্রিস হাওলাদার (৩২)।চক্রের সদস্য হালিমা বেগম ইনস্যুরেন্স কম্পানির কর্মী পরিচয়ে গ্রামে গ্রামে ঘুরে কার গরু কোথায় থাকে সেই খবর সংগ্রহ করেন। এরপর দলের পুরুষ সদস্যদের কাছে জানালে তারা সময় সুযোগ বুঝে চুরি করেন।

শুক্রবার রাত ৯টার দিকে ধানসাগর ইউনিয়ন পরিষদের সামনে থেকে গরুর মালিক হালিম মোল্লাসহ গ্রামবাসী তাদেরকে আটক করে গরুসহ পুলিশের কাছে হস্তান্তর করেন ।
পুলিশ পরিদর্শক সুব্রত কুমার জানান, আটক তিনজনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। চক্রের অন্য সদস্যদের ধরার চেষ্টা চলছে।