শরণখোলায় ঠিকাদারের গাফিলতিতে সড়কের পাশে গর্ত,যান চলাচল ব্যাহত

0

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ শরণখোলা উপজেলার কদমতলা এলাকার আঞ্চলিক মহাসড়কে নির্মাণাধীন একটি কালর্ভাটের পাশে বিশাল গর্ত হওয়ায় ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। ইতোমধ্যে অসংখ্য বাস-ট্রাক ও ইজিবাইক এ স্থানে দুর্ঘটনায় পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (১৬ জুলাই) সকালে সেখানে একটি ট্রাক মাটিতে আটকে গেলে প্রায় ৯ ঘন্টা সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। ওই স্থানে ঠিকাদার কালভার্টের একাংশ নির্মাণের পর ফেলে রেখে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়। পরিবহন মালিক-শ্রমিক ও স্থানীয়রা বাইপাস সড়ক তৈরি করে কালভার্টের বাকি অংশের কাজ দ্রুত শেষ করার দাবি জানান।
জানা যায়, বাগেরহাটের সাইনর্বোড-শরণখোলা আঞ্চলিক মহাসড়কের রায়েন্দা কদমতলা শরীফ বাড়ির সামনের সড়কে একটি কালর্ভাট নির্মাণের কাজ পায় ‘ইউনুস অ্যান্ড ব্রাদার্স’ নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান । তারা প্রায় একমাস আগে সড়কের কাজ শুরু করে অর্ধেক সমাপ্ত করে চলে যায়। এ অবস্থায় কালভার্টের গর্তের পাশ থেকে মাটি ভেঙে বড় গর্ত হয়ে এখন যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
স্থাণীয় কদমতলা ইউপি সদস্য শরীফ খাইরুল ইসলাম জানান, আঞ্চলিক মহাসড়কে কালভার্ট নির্মাণের নামে জনদুর্ভোগ সৃষ্টি করা হয়েছে। মূল রাস্তা ভেঙে বিশাল গর্ত হয়ে গেছে। যে কোনও সময় ঘটতে পারে বড় রকমের দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে রাস্তাটি এ অবস্থায় পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিচ্ছে না। এ ব্যাপারে ঠিকাদার প্রতিষ্ঠানটির মালিক মো. বদিউজ্জামান জানান, কালভার্টের বাকি কাজ শিঘ্রই শুরু করা হবে।
এ বিশয়ে সড়ক ও জনপথ বিভাগের নিবার্হী প্রকৌশলী মো. অনিসুজ্জামান বলেন, ঠিকাদারকে দ্রুত কালভার্টের কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে।