লোহাগড়ায় শ্বশুর বাড়িতে জমাইয়ের হামলা !

0

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা॥ শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রী ও তার পিতা-মাতাকে মারপিট করে জখম করেছে এক যুবক। আহতদের অভিযোগ যৌতুক না পেয়ে এ ঘটনা ঘটায় সোহাগ নামে ওই যুবক। নড়াইলের লোহাগড়া পৌরসভার সিএন্ডবি চৌরাস্তা এলাকায়  শনিবার এ ঘটনা ঘটেছে। অভিযোগে জানা গেছে, প্রায় দুই বছর আগে মহিসাপাড়া গ্রামের রনজু মিয়ার মেয়ে লিজা খানমের সাথে (২২) একই গ্রামের আয়ুব শেখের ছেলে সোহাগ (৩৫) এর বিয়ে হয়। বিয়ের পর থেকেই সোহাগ তার স্ত্রীর কাছে বাবার বাড়ি থেকে ৩ লাখ টাকা এনে দেয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছিল। গত ৪ মাস আগে বাবার বাড়ি থেকে ৪০ হাজার টাকা এনে স্বামীকে দেয় লিজা। ঘর দেবার জন্য আবারো টাকার জন্য চাপ প্রয়োগ করে লিজার স্বামীসহ আত্মীয়রা।
লিজার বাবা লোহাগড়া সিএন্ডবি চৌরাস্তা মোড়ের আছাদ শেখের বাড়িতে ভাড়া থাকেন। অব্যাহত নির্যাতনের কারনে লিজা তার বাবার ভাড়ার বাসায় বেশ কিছুদিন যাবত অবস্থান করছেন।
শনিবার সকাল ১০টার দিকে লিজার বাবার বাড়িতে উপস্থিত হন স্বামী সোহাগ ও তার ভাই দিলু(৩৮)। যৌতুক হিসাবে টাকা দাবি করলে তাদের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে স্বামী সোহাগ ও ভাসুর দিলু লাঠি দিয়ে লিজা খানম, রনজু মিয়া ও রহিমা বেগমকে বেদম মারপিট করে। তাদের চিৎকারে স্থানীয়রা উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে। অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দীন এ বিষয়ে বলেন, ঘটনা শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।