লিবিয়ায় যুবককে আটকে মুক্তিপণ আদায়,যশোরে পিতা-পুত্র আটক

0

স্টাফ রিপোর্টার ॥ সুমন হোসেন নামে এক যুবককে লিবিয়ায় আটকে রেখে প্রায় ১৫ লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে যশোরে পিতা ও পুত্রকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, আব্দুলপুর গ্রামের বাসিন্দা ইব্রাহিম হোসেন (৬০) ও তার ছেলে ইকবাল হোসেন (৩৫)।
পুুলিশ জানায়, ভুক্তভোগী সুমন হোসেন একই গ্রামের শওকত আলীর ছেলে। বুধবার দুপুর দেড়টার দিকে আটক দুই জন ছাড়াও ইব্রাহিম হোসেনের আরেক ছেলে বিপ্লব হোসেনকে (৩৩) আসামি করে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে কোতয়ালি থানায় মামলা করেন শওকত আলী। এরপর বিকেল ৩টার দিকে আব্দুলপুর গ্রামে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি ইব্রাহিম হোসেন ইকবাল হোসেনকে আটক করেন তদন্ত কর্মকর্তা এসআই ইয়াসিফ আকবর জয়।
ভুক্তভোগী যুবকের পিতা শওকত আলীর অভিযোগ, উল্লিখিত আসামিরা তার প্রতিবেশী। এর মধ্যে আসামি বিপ্লব হোসেন দীর্ঘ ১০ বছর ধরে লিবিয়ায় রয়েছেন। মাঝে মধ্যে বিপ্লব হোসেন আব্দুলপুর গ্রাম থেকে লোকজনকে লিবিয়ায় নিয়ে যান। এরই এক পর্যায়ে ২০২২ সালের মার্চ মাসে বিপ্লব হোসেনের পিতা ইব্রাহিম হোসেন ও ভাই ইকবাল হোসেন ভুক্তভোগী সুমন হোসেনের পিতার কাছে জানতে চান, তার ছেলেকে লিবিয়ায় পাঠাবেন কি-না। এ সময় শওকত আলী তার ছেলে সুমন হোসেনকে লিবিয়ায় পাঠাতে রাজি হলে তারা এ জন্য সাড়ে ৪ লাখ টাকা দাবি করেন। দুই দফায় তাদের সাড়ে ৪ লাখ টাকা দেন শওকত আলী। টাকা নেওয়ার পর একই বছরের ১৮ ডিসেম্বর সুমন হোসেনকে লিবিয়ায় নিয়ে যান ইব্রাহিম হোসেনের ছেলে ইকবাল হোসেন। পরে দেশে ফিরে আসেন ইকবাল হোসেন। কিন্তু ১০দিন পর ২৮ ডিসেম্বর লিবিয়ায় অবস্থানরত আসামি বিপ্লব হোসেন কাজের কথা বলে কৌশলে সুমন হোসেনকে রাজধানী ত্রিপোলিতে নিয়ে যান। সেখানে একটি ঘরে সুমন হোসেনকে আটকে রেখে মারধর ও টাকা দাবি করেন বিপ্লব হোসেনকে। মোবাইল ফোনে ছেলের কাছ থেকে নির্যাতনের কথা জানতে পেরে বিপ্লব হোসেনের পিতা ইব্রাহিম হোসেন ও ইকবাল হোসেনের কাছে যান শওকত আলী। কিন্তু তারাও তার কাছে টাকা দাবি করেন। ফলে ছেলেকে মুক্ত করতে তাদের কয়েকদফায় মোট ১৪ লাখ ৭৯ হাজার ৮৫০ টাকা দেন শওকত আলী। এরই মধ্যে বিপ্লব হোসেনের হেফাজত থেকে কৌশলে পালিয়ে লিবিয়ায় অবস্থিত বাংলাদেশের এম্বাসিতে আশ্রয় নেন সুমন হোসেন। পরে এম্বাসির মাধ্যমে দেশে ফিরে আসেন তিনি। ছেলে দেশে ফিরে আসার পর তার কাছ থেকে সবকিছু শুনে ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ দিয়ে বিচার দাবি করেন শওকত আলী। এরপর ইউপি চেয়ারম্যান আসামি ইব্রাহিম হোসেন ও ইকবাল হোসেনকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে তারা অভিযোগের সত্যতা স্বীকার করেন। এ সময় তারা টাকা ফেরত দেওয়ার অঙ্গীকারও করেন। কিন্তু তারা আর টাকা ফেরত দেননি।