রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত নয়, ইসি প্রস্তুত: সিইসি

0
ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের (বাঁয়ে) সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের (ডানে) নেতৃত্বে নির্বাচন কমিশনাররা।। ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করতে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
তবে এই নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ এখনো চূড়ান্ত করা হয়নি।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন পুরো নির্বাচন কমিশন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি নিজেই আলোচনার বিষয়টি নিশ্চিত করেন।

সাংবাদিকদের সিইসি জানান, দেশে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আইনি বাধ্যবাধকতা রয়েছে। সংশ্লিষ্ট আইন অনুযায়ী, তফসিল বা নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের আগে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে পরামর্শ করার বিধান রয়েছে। সেই ধারাবাহিকতাতেই ইসি এই সৌজন্য ও নীতিগত সাক্ষাৎ করেছে।

তিনি আরও ব্যাখ্যা করেন, জাতীয় সংসদের অধিবেশন চলমান থাকা অবস্থায় নির্বাচন আয়োজনের নিয়ম একরকম, আর অধিবেশন না থাকলে প্রক্রিয়ায় কিছুটা ভিন্নতা রয়েছে। বৈঠকে এসব বিষয় নিয়ে প্রাথমিক ও বিস্তারিত আলোচনা সম্পন্ন হলেও নির্বাচনের চূড়ান্ত তারিখ এখনও নির্ধারিত হয়নি। বিষয়টির সিদ্ধান্ত হলে পরবর্তীতে তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

সিইসি জোর দিয়ে বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক প্রস্তুতি গ্রহণ নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচনে ভোটার তালিকা প্রস্তুত ও সরবরাহের দায়িত্ব সংসদ সচিবালয়ের। সে লক্ষ্যে ভোটার তালিকা চেয়ে ইতিমধ্যেই সংসদ সচিবালয়ে চিঠি পাঠানো হয়েছে।

সংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি স্পষ্ট করেন, বৈঠকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে কোনো প্রকার আলোচনা করা হয়নি।

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে এ বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও তাহমিদা আহমেদ উপস্থিত ছিলেন।