অসময়ের বর্ষায় ঝিকরগাছায় রবি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

0
অসময়ের টানা বৃষ্টিতে ঝিকরগাছায় রবি ফসল, বীজতলা ও রোপা আমন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা; জমিতে পানি নিষ্কাশন ও কৃষি পরামর্শ মানার আহ্বান জানিয়েছে কৃষি বিভাগ।। ছবি: লোকসমাজ

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ যশোরের ঝিকরগাছায় রবি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে অসময়ের অস্বাভাবিক টানা বৃষ্টিপাতে। বৃহস্পতিবার ও শুক্রবার (১৯ ও ২০ নভেম্বর) দিনভর টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার আগাম চাষাবাদ ও সদ্য রোপণ করা ফসল মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে, ফলে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

গঙ্গানন্দপুর, মাগুরা, শিমুলিয়া, গদখালী, পানিসারা, ঝিকরগাছা সদর, নাভারণ, নির্বাসখোলা, হাজিরবাগ, শংকরপুর ও বাঁকড়া ইউনিয়নসহ পৌর এলাকায় চাষকৃত সরিষা, মুগ, খেসারি, আলু, পেঁয়াজ, রসুন, মরিচ এবং বিভিন্ন ধরনের শীতকালীন সবজি ও ফুলের আবাদ ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও বীজতলা নষ্ট হয়ে যাওয়ার খবরও পাওয়া গেছে, পাশাপাশি মাঠে রোপা আমন (পাকা ধান) নিয়ে কৃষকরা চরম দুশ্চিন্তায় পড়েছেন।

কৃষকদের অভিযোগ, এমন সময়ে ভারী বৃষ্টির কারণে জমিতে কাজ করা সম্ভব হচ্ছে না। অনেকেই নতুন করে বীজ বপনের প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু বৃষ্টির কারণে তা বন্ধ রয়েছে; অন্যদিকে যেসব জমিতে ইতোমধ্যে বীজ বপন বা চারা রোপণ করা হয়েছে, সেখানে পানি জমে থাকায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা বাড়ছে।

কৃষক মনজুর আলম জানান, দ্রুত আবহাওয়া অনুকূলে না ফিরলে তাঁদের আর্থিক ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যাবে, কারণ ইতোমধ্যে অতিরিক্ত খরচ করে জমি প্রস্তুত করলেও এখন নতুন করে চাষাবাদের প্রয়োজন হতে পারে।

এ বিষয়ে ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নূরুল ইসলাম বলেন, টানা বৃষ্টির কারণে কিছু এলাকায় রবি ফসলসহ মাঠে কেটে রাখা ধান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি দ্রুত থেমে গেলে ক্ষতির পরিমাণ অনেকটাই কমে আসবে বলে উল্লেখ করে কৃষকদের জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় কৃষি পরামর্শ মেনে চলার আহ্বান জানান তিনি।