আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ, তাওহিদ হৃদয়ের ৪০ শতাংশ ম্যাচ ফি জরিমানা

0
জোহানেসবার্গ টেস্টে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশের দায়ে তাওহিদ হৃদয়ের ৪০ শতাংশ ম্যাচ ফি জরিমানা ও দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে; তিনি শাস্তি মেনে নিয়েছেন।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা হয়েছে তাওহিদ হৃদয়-এর। গত বুধবার জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট চলাকালে আইসিসির আচরণবিধির লেভেল-১ অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন এই ব্যাটসম্যান।

আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড়দের সহায়তাকারী কর্মীদের আচরণবিধির ২.৮ ধারা লঙ্ঘন করেছেন হৃদয়, যেখানে আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। জরিমানার পাশাপাশি তাঁর শৃঙ্খলাজনিত রেকর্ডে যুক্ত হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট এবং গত ২৪ মাসের মধ্যে এটিই তাঁর প্রথম অপরাধ।

ঘটনাটি ঘটে চতুর্থ দিনে আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার পর। সে সময় মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ বাংলাদেশের দলের ড্রেসিংরুমের বারান্দার পাশ দিয়ে যাচ্ছিলেন; তখন হৃদয় আম্পায়ারদের সিদ্ধান্তের সমালোচনা করেন এবং আরও আগেই খেলা বন্ধ করা উচিত ছিল বলে দাবি করেন। এ সময় আম্পায়ারদের সঙ্গে তাঁর আচরণ আক্রমণাত্মক ও অশোভন ছিল বলে অভিযোগ আনা হয়।

তাওহিদ হৃদয় নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট-এর প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন, ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ, তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার লুবাবালো গকুমা তাঁর বিরুদ্ধে অভিযোগ আনেন।

আইসিসির আচরণবিধি অনুযায়ী, লেভেল-১ অপরাধের সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক সতর্কবার্তা এবং সর্বোচ্চ শাস্তি খেলোয়াড়ের ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা ও এক বা দুটি ডিমেরিট পয়েন্ট। কোনো খেলোয়াড় ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে সেগুলো সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয় এবং এর ফলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়।