রামপালে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ

0
ছবি: সংগৃহীত।

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপালে আরো একটি সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে। সোমবার সকালে পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নির্দেশে সিংগড়বুনিয়া গ্রামের চামারখালী খালের বাঁধ অপসারণ করেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী।

সংশ্লিষ্টরা জানান, উপজেলার সিংগড়বুনিয়া গ্রামের অহিদ আকুঞ্জী মোতাহার আলী নামে এক ব্যক্তির সহায়তায় ৩ মাস আগে প্রবহমান চামারখালী খালে বাঁধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দেন। এরপরে সেখানে মাছ চাষ শুরু করেন।

এ নিয়ে দৈনিক লোকসমাজসহ বিভিন্ন পত্রিকায় ধারাবাহিক সংবাদ প্রকাশিত হয়। এক পর্যায়ে গ্রামবাসীর পক্ষে বিএনপি নেতা মো. মহিদুল ইসলাম লিখিতভাবে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নজরে আনেন। প্রতিমন্ত্রী দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্যে উপজেলা সহকারী কমিশনারকে বলেন। আদেশ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর সহায়তায় বাঁধ অপসারণ করেন।

তিনি বলেন, রামপালে প্রবহমান সরকারি রেকর্ডীয় খালে কেউ বাঁধ দিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।