রামপালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপালে পৃথক স্থানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় পৃথক দুইটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পরিবারের কারো কোন অভিযোগ বা আপত্তি না থাকায় মরদেহ চেয়ে পুলিশের কাছে আবেদন করেন পরিবারের সদস্যরা। এরপরে পুলিশ কোন ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে।
উপজেলায় বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে রাজনগর ইউনিয়নের কালেখারবেড় গ্রামের মো. সফরুল শেখের ১৯ মাসের পুত্র সন্তান আজিম শেখ বাড়ির পাশে খেলা করছিল। সবার অলক্ষ্যে সে বাড়ির পুকুরে পড়ে যায়। পরে তাকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়।
একইদিন চিত্রা গ্রামের মো. আলমগীরের মেয়ে আয়শা খাতুন (৬) দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩ টার মধ্যে বাড়ির পাশের খালের ওপর দিয়ে বাঁশের সাঁকো পার হচ্ছিল। ওই সে অসাবধানবশত পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির পরে তাকে খালের পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় উভয় পরিবারের মধ্যে শোকের মাতম চলছে।
এ বিষয়ে রামপাল থানার ওসি এসএম আশরাফুল আলম সাংবাদিকদের জানান, পৃথকভাবে ২ শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। মরদেহের বিষয়ে কারো কোন প্রকার আপত্তি বা অভিযোগ না থাকায় স্ব স্ব পরিবারের কাছে মৃত শিশুদের হস্তান্তর করা হয়েছে।