রামপালে নকল কীটনাশক বিক্রির দায়ে এক ব্যক্তির ৭দিনের কারাদণ্ড

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপালে নকল সার বিক্রির দায়ে মো. হাফিজুল ইসলাম (৩৫) নামের একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত ৭ দিনের কারাদণ্ড দিয়েছে । তিনি সাতক্ষীরা সদরের হরিষপুর এলাকার মৃত দাউদ আলী গাজীর ছেলে। এ সময় একই এলাকার মো. মন্টু নামের একজন পালিয়ে যান। রোববার বিকেল সাড়ে তিনটার দিকে ফয়লাবাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দীপুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাকে ৭ দিনের কারাদন্ড দেয়।
সূত্র জানায়, উপজেলার ফয়লা বাজারে যশোর – ন -১১- ০৩১৫ নম্বরের একটি মিনি পিক-আপের চালক মো. হাফিজুর রহমান সাতক্ষীরা এলাকার মো. ঝন্টুকে সাথে নিয়ে একটি দোকানে নকল কীটনাশক ম্যাগ সালফেট ৭৫০ কেজি, থিয়োভিট ৯০ কেজি এবং গ্রোজিন ৫০ কেজি বিক্রি করছিলেন। তখন ওই বাজারের সিনজেনটা কোম্পানির রিটেইলার তৃপ্তি কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী মো. জিহাদুজ্জামান তাদের আটকে রাখেন। খবর পেয়ে রামপাল উপজেলা কৃষি অফিসারকে সাথে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শেখ সালাউদ্দিন দীপু ঘটনাস্থলে আসেন। তারপর গাড়ি চালক মো. হাফিজুর রহমানকে তার গাড়িসহ আটক করে ৭ দিনের কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু।