রামপালে আলোচিত প্রধান শিক্ষক সাইদুর রহমান স্থায়ী বরখাস্ত

0

এমএ সবুর রানা, রামপাল (বাগেরহাট)॥ রামপালের আলোচিত প্রধান শিক্ষক হাওলাদার সাইদুর রহমানকে অবশেষে স্থায়ী বরখাস্ত করা হয়েছে। গত ৩ জানুয়ারি তারিখের ০১১,৭৩,৯৪,১৫৫১৯৬,২০২৪/১(১) নং স্মারকের মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় ধারাবাহিকভাবে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।
চূড়ান্ত বরখাস্তের আদেশে যেসব অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে তা হলো, রামপাল উপজেলার সোনাতুনিয়া আমেনা খাতুন (এ. কে) নিম্ন মধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাওলাদার সাইদুর রহমানের বিরুদ্ধে বিদ্যালয়ে কর্মরত থাকা অবস্থায় বিদ্যালয়ের তহবিল হতে ৪ লাখ ৮৫ হাজার টাকা ও কর্মচারী নিয়োগ দিয়ে ১৩ লাখ টাকা উৎকোচ আদায়, পরিচ্ছন্নতা কর্মীকে শ্লীলতাহানির চেষ্টা, মহিলা শিক্ষিকাদের কুপ্রস্তাব দেয়া, শিক্ষক -কর্মচারীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করা এবং জোরপূর্বক শিক্ষক -কর্মচারীদের কাছ থেকে মিড ডে মিল চালু করে টাকা আত্মসাৎ করা।
তার বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের সভাপতি মো. ওয়ালি উল্লাহ শেখ ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফা।
অভিযোগ ও বরখাস্তের নোটিশের বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক হাওলাদার সাইদুর রহমানের ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তার নম্বর বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে রামপাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল কুদ্দুসের সাথে কথা হলে তিনি জানান, বরখাস্তের নোটিশের একটি অনুলিপি পেয়েছেন। শিক্ষা বোর্ড বরখাস্তের নোটিশের আলোকে সিদ্ধান্ত নেবে।