রামনগর ইউপি চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে মামালা

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার রাজারহাট বাজারের ব্যবসায়ী জামাল হোসেন ফুলনের কাছে চাঁদা দাবি ও তার স্কুল পড়ুয়া ছেলে সিয়ামকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগে রামনগর ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফসহ ৯ জনের বিরুদ্ধে মঙ্গলবার আদালতে মামলা হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী জামাল হোসেন ফুলন মামলাটি করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্যে কোতয়ালি থানা পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন। আসামিরা হলেন, যশোরের মুড়লি ইমাম বাড়ি রোডের মোসলেম উদ্দীনের ছেলে রামনগর ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ, রামনগর পুকুরকুল ধোপাপাড়ার ইব্রাহিমের দুই ছেলে চশমা সাগর ও উছামা, একই এলাকার আব্দুল্লাহ, ইউনুস মুন্সির ছেলে রুম্মান হোসেন, ফরিদের ছেলে রকি, রাজারহাট স্কুলপাড়ার জালাল উদ্দিনের ছেলে জিহাদ হোসেন, রামনগর পুকুরকুল এলাকার বকুল হোসেন ড্রাইভারের ছেলে রায়হান ও শ্রীবর্দ্দি ঘোড়াগাছা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ইস্তেহাক।মামলার বিবরণে জানা গেছে, জামাল হোসেন ফুলন রাজারহাট বাজারের একজন হার্ডওয়ার ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে আসামি মাহমুদ হাসান লাইফের হুকুমে অপর আসামিরা তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আসামিরা খুন-জখমের হুমকিসহ তাকে বাজারে ব্যবসা করতে দেবেন না বলে জানিয়ে দেন। এক পর্যায়ে তারা তার ছেলে সিয়ামকে হত্যার হুমকি দেন। গত ৫ নভেম্বর বিকেলে জামাল হোসেন ফুলন ছেলে সিয়ামকে নিয়ে রাজারহাট শ্মশান মার্কেটের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামিরা তাদের ওপর হামলা চালান। তারা সিময়াকে কুপিয়ে হত্যা চেষ্টা ও জামাল হোসেন ফুলনকে মারধর করেন। তাদের হাত থেকে রক্ষা পেতে পিতাপুত্র পাশের একটি দোকানে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে ঢুকে ব্যাপক ভাংচুর চালান। দোকান থেকে নগদ ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যান। এরই মধ্যে চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা খুন জখমের হুমকি দিয়ে সেখান থেকে চলে যান।