যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে মামলা

0

 

স্টাফ রিপোর্টার ॥ যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে ইমরান খাঁ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার ইমরান খাঁসহ ২ জনকে আসামি করে আদালতে মামলা করেছেন নির্যাতনের শিকার মুনমুন আক্তার সর্মি নামে এক নারী। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক গোলাম কবীর অভিযোগ আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সিআইডি পুলিশকে আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন, অভয়নগর উপজেলার আমডাঙ্গা গ্রামের সামছুর খাঁ’র ছেলে ইমরান খাঁ ও একই গ্রামের শাফিয়া বেগম। মামলার বাদী মুনমুন আক্তার সর্মি সদর উপজেলার বসুন্দিয়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে।
মামলার বিবরণে জানা গেছে, ২০২০ সালের ৮ আগস্ট আসামি ইমরানের সাথে সর্মির পরিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় আসামিকে তার দাবি অনুযায়ী ৩ লাখ টাকা যৌতুক দেয়া হয়। কিন্তু বিয়ের কিছু দিন যেতে না যেতেই আসামি ইমরান আরো ২ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। আসামি ইমরান মাদকের ব্যবসায়ের সাথে জড়িত। ঈদে মাদকের ব্যবসা প্রসারের জন্য যৌতুকের টাকা না পেয়ে ইমরান স্ত্রীর ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেন। দাবিকৃত যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় গত ১৬ এপ্রিল আসামি ইমরান ও তার সহযোগী সাফিয়া মারধর করলে গুরুতর জখম হন সর্মি। এরপর তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হয়। এ কারণে কোনো উপায় না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন সর্মি।