যশোরে রেলগেটে নৈশ প্রহরীকে কুপিয়ে জখম, অস্ত্রের মহড়ায় আতঙ্ক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ায় গত রোববার রাতে অস্ত্রধারী সন্ত্রাসীরা মন্টু মিয়া নামে একজন নৈশ প্রহরীকে কুপিয়ে জখম করেছে। দৈনিক লোকসমাজ পত্রিকায় ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে তাকে কুপিয়ে জখম করা হয় বলে জানা গেছে। এর কয়েক দিন আগে একই সন্ত্রাসীরা প্রতিপক্ষ রমজানের বাড়িতে হামলা চালিয়ে কুপিয়ে তার মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত করেছিলো। এসব ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশ সন্ত্রাসীদের আটকে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একটি সূত্র জানায়, গত রোববার রাত সোয়া ৯টার দিকে কয়েকজন সন্ত্রাসী রেলগেট পশ্চিমপাড়া মাঠপাড়া এলাকায় গিয়ে নৈশ প্রহরী মন্টু মিয়ার ওপর চড়াও হয়। এ সন্ত্রাসীরা তাদের বিরুদ্ধে দৈনিক লোকসমাজ পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় এ জন্য তাকে দায়ী করেন। মন্টু মিয়া এ বিষয়ে কিছুই জানেন না বলে জানালেও সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করেন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সূত্র জানায়, সন্ত্রাসী ইমন-সাগর গং নৈশ প্রহরী মন্টু মিয়াকে কুপিয়ে জখম করেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করতে পারেনি।
এর আগে গত ১৭ জানুয়ারি সকালে ওই সন্ত্রাসীরা প্রতিপক্ষ রমজানের মোটরসাইকেল কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে। পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই হেলাল উজ্জামান জানান, একইদিন সকালে সন্ত্রাসী পিচ্চি রাজা প্রতিপক্ষ ইমনের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পুলিশ সন্ত্রাসী পিচ্চি রাজা এবং ইমনদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্থানীয়রা জানান, প্রায় প্রতিদিন রাতে সন্ত্রাসীরা রেলগেট পশ্চিমপাড়া মাঠপাড়া ও চোরমারা দিঘির পাড় এলাকায় ধারালো অস্ত্র নিয়ে মহড়া দিয়ে থাকে। এদের কারো কারো মুখ বাঁধা থাকে। সন্ত্রাসীরা এভাবে অস্ত্র নিয়ে রাতের বেলায় মহড়া দিলেও পুলিশ তাদের আটকে কোনো পদক্ষেপ নেয় না।