বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় : আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত

0
স্বরাস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে আন্তমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ আসন্ন বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে দেশজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, বিজয় দিবসের সকালে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-বিদেশি ভিভিআইপি এবং সর্বস্তরের জনগণের সাভার জাতীয় স্মৃতিসৌধে গমনাগমন ও পুষ্পস্তবক অর্পণকালে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

নিরাপত্তাব্যবস্থা আধুনিক ও নিশ্ছিদ্র করতে স্মৃতিসৌধ এলাকা এবং এর প্রবেশপথগুলোতে পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি ও আইপি ক্যামেরা স্থাপন করা হবে। এসব ক্যামেরা সরাসরি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে যুক্ত থাকবে বলে মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে।

যেকোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে পুলিশের বিশেষ শাখাসহ (এসবি) সব গোয়েন্দা সংস্থাকে সর্বোচ্চ সতর্ক থেকে নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া বঙ্গভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের দেহ ও যানবাহনে তল্লাশির পাশাপাশি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের সব গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজয় দিবসে যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা থেকে সাভার যাওয়ার মূল সড়ক এবং স্মৃতিসৌধের আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।

পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সাভার জাতীয় স্মৃতিসৌধসহ প্রধান অনুষ্ঠানস্থলগুলোতে প্রয়োজনীয় জনবলসহ ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গাড়ি মোতায়েন রাখার সিদ্ধান্ত হয়েছে।