যুক্তরাষ্ট্রের ক্রিকেটে ডাবল ইতিহাসের দিন

0

লোকসমাজ ডেস্ক॥ ক্রিসমাস আগেভাগেই এসে গেল যুক্তরাষ্ট্রের জন্য। বুধবার বিকালে ব্রওয়ার্ড কাউন্টি স্টেডিয়ামে গজানন্দ সিং ও সুশান্ত মোদানির ১১০ রানের জুটি দিলো বড়দিনের উপহার। দর্শক কম থাকলেও দিন শেষে তাদের উল্লাস আর চিৎকারে অন্যরকম আমেজ গোটা মাঠে। আয়ারল্যান্ডের বিপক্ষে যে ২৬ রানের ঐতিহাসিক জয় পেয়েছে আমেরিকা। দিনটা তাদের শুরু হয়েছিল ইতিহাস গড়ে, শেষও করল ইতিহাসের পাতায় নাম লিখে। প্রথমবার কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র। সেই উপলক্ষ তারা রাঙাল পূর্ণ সদস্যের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি জয়ে। পাওয়ার প্লেতে ব্যারি ম্যাকক্যার্থি ধস নামান যুক্তরাষ্ট্রের ব্যাটিং লাইনে। প্রথশ ৬ ওভারের মধ্যে তিনি তিন উইকেট তুলে নেন, স্বাগতিকদের নেই ১৬ রানে ৪ উইকেট।
পঞ্চম উইকেটে দলকে টেনে তোলেন সুশান্ত ও গজানন্দ। দুজনেই হাফ সেঞ্চুরি করেন। সুশান্ত ৫০ রান আর গজানন্দ করেন ইনিংস সেরা ৬৫ রান। পরে মার্টি কেইনের ১৫ বলে ৩৯ রানের ঝড়ে ৬ উইকেটে ১৮৮ রান করে যুক্তরাষ্ট্র। আইরিশ বোলার ম্যাকক্যার্থি ৪ ওভারে নেন সর্বোচ্চ ৪ উইকেট। ১৮৯ রানের লক্ষ্য দিয়ে যুক্তরাষ্ট্র স্বস্তিতে ছিল না। ওপেনার পল স্টার্লিং ১৫ বলে ৬ চারে ৩১ রান করে আইরিশদের ভালো শুরু এনে দেন। কিন্তু পরে লোরকান টাকার ছাড়া আর কেউ হাল ধরতে পারেননি। ৪৯ বলে ৫৭ রানে অপরাজিত ছিলেন তিনি। সৌরভ নেত্রাভালকার, আলী খান ও নিসর্গ প্যাটেল দুটি করে উইকেট নিয়ে আয়ারল্যান্ডের গতিরোধ করে। ৬ উইকেটে ১৬২ রানে থামে তারা। তাতে ইতিহাসের স্বাক্ষী হয় যুক্তরাষ্ট্র।