শাম্মী হত্যার বিচার দাবিতে যশোরে শিক্ষার্থীদের মানববন্ধন

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ এসএসসি-২০২৩ ব্যাচের শিক্ষার্থী সামিনা আক্তার শাম্মী হত্যাকাণ্ডের প্রতিবাদ, মামলার দ্রুত বিচার এবং অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকালে যশোর প্রেসক্লাবের সামনে, জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে এবং যশোর আদালত চত্বরে পৃথকভাবে এ কর্মসূচির আয়োজন করে শেখহাটি শফিয়ার রহমান মডেল একাডেমির শিক্ষার্থীরা।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘শাম্মী হত্যার বিচার চাই’, ‘খুনির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’, ‘বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করো’সহ বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিতে তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচারিক কার্যক্রম সম্পন্ন এবং অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

শিক্ষার্থীরা বলেন, একজন মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীর নির্মম মৃত্যু শুধু তার পরিবারের জন্য নয়, পুরো শিক্ষাঙ্গন ও সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। এ ঘটনায় পরিবার, সহপাঠী, শিক্ষক এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে।

তারা বলেন, কোনো ধরনের গাফিলতি বা দীর্ঘসূত্রতা যেন বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীরা আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দীর্ঘদিন ঝুলে থাকায় অপরাধীরা অনেক সময় পার পেয়ে যায়। এ ধরনের পরিস্থিতি অপরাধ প্রবণতা বাড়িয়ে তোলে। তাই শাম্মী হত্যাকাণ্ডের দ্রুত নিষ্পত্তি করে আইনের শাসনের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান তারা।

নিহত শাম্মির শিক্ষা প্রতিষ্ঠান শেখহাটি শফিয়ার রহমান মডেল একাডেমির বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশ নেন। অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন।

কর্মসূচি শেষে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি শাম্মী হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার কার্যক্রম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান। একই সঙ্গে তারা দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।