যশোর জেনারেল হাসপাতালের কর্মচারীকে মারপিট করা দালাল আটক

0
মারপিটের শিকার আহত স্বেচ্ছাসেবী কর্মচারী অনুপম (৩৪) ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ হাসপাতাল থেকে বের হয়ে যেতে বলায় এক স্বেচ্ছাসেবী কর্মচারীকে বেদম মারপিট করেছে বহিরাগত এক দালাল। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মনিরুল ইসলাম মনির নামে এক দালালকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে।

আটককৃত দালাল মনিরুল ইসলাম মনির যশোর শহরতলীর পুলেরহাট এলাকার মৃত হায়দার আলীর ছেলে। অন্যদিকে, মারপিটের শিকার আহত স্বেচ্ছাসেবী কর্মচারী অনুপম (৩৪) মনিরামপুর উপজেলার সুনরা গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে ওই হাসপাতালের জরুরি বিভাগে স্বেচ্ছাসেবী হিসেবে কর্মরত আছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত জানান, মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে দালাল মনির রোগী ভাগানোর উদ্দেশ্যে হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে প্রবেশ করে। এ সময় সেখানে কর্মরত স্বেচ্ছাসেবী কর্মচারী অনুপম তাকে জরুরি বিভাগ থেকে বের হয়ে যেতে বলেন। এতে দালাল মনির চরম ক্ষিপ্ত হয়ে ওঠে।

পরবর্তীতে অনুপম কাজের প্রয়োজনে হাসপাতালের প্রধান ফটকের সামনে পৌঁছালে দালাল মনির তার সহযোগীদের নিয়ে অনুপমের ওপর অতর্কিত হামলা চালায়। তারা লাঠিসোটা দিয়ে অনুপমকে বেদম মারপিট করলে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।

এদিকে ঘটনার পরপরই হাসপাতালে টহলরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে দালাল মনিরকে আটক করে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করেন।

আহত কর্মচারী অনুপম জানান, জরুরি বিভাগ থেকে রোগী ভাগাতে বাধা দেওয়া এবং তাকে বের হয়ে যেতে বলার কারণেই দালাল মনির ক্ষিপ্ত হয়ে তার ওপর এই হামলা চালিয়েছে।