ঝিকরগাছায় প্রধান শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় অভিভাবক আটক, শিক্ষকমহলে ক্ষোভ

0
যশোরের ঝিকরগাছায় নির্বাচনী পরীক্ষায় ফেল করার জেরে সেন্টলুইস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় ইউনুস আলী নামের এক অভিভাবককে আটক করেছে পুলিশ।। ছবি: ভিডিও থেকে নেওয়া

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ যশোরের ঝিকরগাছায় ছয় বিষয়ে ফেল করা এক শিক্ষার্থীর অভিভাবক কর্তৃক সেন্টলুইস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় ম্যাথিয়াস রোজারিওকে তার নিজ কক্ষে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়েরের পর অভিযুক্ত ইউনুস আলীকে আটক করেছে থানা পুলিশ। শিক্ষককে লাঞ্ছিতের এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতি।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সেন্টলুইস মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে। বিদ্যালয়ের ১২ জন শিক্ষক ও সদস্যের স্বাক্ষরিত থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, সোমবার (১৭ নভেম্বর) এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

অভিযুক্ত অভিভাবক ইউনুস আলী। ছবি: সংগৃহীত

আরফিন আহমেদ নামের এক শিক্ষার্থী ছয় বিষয়ে ফেল করায় পরীক্ষার্থীর অভিভাবক ইউনুস আলী ফলাফলে অসন্তোষ প্রকাশ করে প্রধান শিক্ষকের কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই ওই অভিভাবক প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় ম্যাথিয়াস রোজারিওর ওপর শারীরিকভাবে হামলা চালান এবং তাকে লাঞ্ছিত করেন।

এছাড়া অভিযুক্তের স্ত্রীও বিদ্যালয়ে এসে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেন, যার ফলে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়।

এদিকে এই ঘটনার প্রতিবাদে ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি মো. আহাছান উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন সোহাগ এক যৌথ বিবৃতিতে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার মতো ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের হামলা শুধু একজন শিক্ষকের ওপর নয়, সমগ্র শিক্ষক সমাজ ও শিক্ষা ব্যবস্থার ওপর আঘাত। নেতৃদ্বয় অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথেই অভিযুক্ত ইউনুস আলীকে আটক করা হয়েছে।