মনিরামপুরে ৫৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

0
যশোরের মনিরামপুরে রবি মৌসুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৫৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ যশোরের মনিরামপুরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিষদের মিলনায়তনে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মুহাম্মদ জুনাইদ হাবীব।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ফজলুল হক, বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শামসুজ্জামান শান্ত, মহিলা এমপি মনোনীত প্রতিনিধি জাহাঙ্গীর বিশ্বাস, প্রেসক্লাব সভাপতি এসএম মজনুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান এবং পূজা উদযাপন কল্যাণ ফ্রন্টের সভাপতি বিএনপি নেতা সন্তোষ স্বর।

উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ জুনাইদ হাবীব জানান, ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে মনিরামপুর উপজেলায় সরিষা ও মসুর ডাল চাষে মোট ৫ হাজার ২০০ জন প্রান্তিক কৃষককে প্রতি ৩৩ শতাংশ জমির জন্য এক কেজি সরিষা বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার বিনামূল্যে প্রদান করা হচ্ছে। পাশাপাশি, ডাল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১০০ জন কৃষককে প্রতি বিঘায় ৫ কেজি মসুর বীজ, ৫ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার দেওয়া হচ্ছে।