মোংলা সরকারি কলেজ অডিটোরিয়ামে মূকাভিনয়ের মাধ্যমে সুন্দরবন ও পরিবেশ সুরক্ষার বার্তা তুলে ধরছেন শিল্পী শাহরিয়ার শাওন

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা : সুন্দরবন ও পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাগেরহাটের মোংলায় ব্যতিক্রমধর্মী মূকাভিনয়ের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মোংলা সরকারি কলেজ অডিটোরিয়ামে মোংলা সরকারি কলেজ এবং ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’-এর যৌথ উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, পরিবেশ সুরক্ষাবিষয়ক এ ধরনের মূকাভিনয় মোংলার ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো।

অনুষ্ঠানে ধরা’র সংগঠক শাহরিয়ার শাওন একক মূকাভিনয় পরিবেশন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রধান অতিথির বক্তব্য দেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী।

অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন ধরা’র কেন্দ্রীয় নেতা ও ‘সুন্দরবন রক্ষায় আমরা’-এর সমন্বয়কারী পরিবেশকর্মী মো. নূর আলম শেখ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার হাওলাদার এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম মাসুদ রানা। এছাড়া বক্তব্য দেন প্রভাষক শ্যামা প্রসাদ সেন, ড. অপর্ণা অধিকারী, ড. অসিত বসু, প্রভাষক প্রদীপ অধিকারী, প্রভাষক এস এম মাহবুবুর রহমান, প্রভাষক মমতাজ খানম, প্রভাষক সাহারা বেগম এবং পরিবেশকর্মী মেহেদী হাসান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী বলেন, “মূকাভিনয়ের মাধ্যমে পরিবেশ সচেতনতা সৃষ্টির এ উদ্যোগ নতুন প্রজন্মকে সুন্দরবন রক্ষার আন্দোলনে অনুপ্রাণিত করবে।”

মূখ্য আলোচক মো. নূর আলম শেখ বলেন, “সংস্কৃতির অবস্তুগত উপাদান হিসেবে মূকাভিনয় সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম হতে পারে—শাহরিয়ার শাওনের একক পরিবেশনায় সেটিই প্রমাণ হয়েছে। ভাষাহীন এই মূকাভিনয়ে সুন্দরবন ও পরিবেশ সুরক্ষার যে বার্তা তুলে ধরা হয়েছে, তা সত্যিই মুগ্ধ করার মতো।”

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, পরিবেশকর্মী ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন। আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।