যশোর সদর উপজেলা বিএনপির সাবেক সম্পাদক নঈমের মৃত্যু # অনিন্দ্য ইসলাম অমিত ও নার্গিস বেগমসহ নেতৃবৃন্দের শোক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু নঈম মৃত্যুবরণ করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার ভোর রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় যশোর শহরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হাসপাতাল থেকে আবু নঈমের মরদেহ নিয়ে যাওয়া হয় শংকরপুর নিজ বাসভবনে। তার মৃত্যুর সংবাদ শুনে শোকাহত স্বজনদের সান্ত্বনা দিতে বাসভবনে যান জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। এ সময় শোকাহত স্বজনরা অধ্যাপক নার্গিস বেগমকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। এ সময় তার সাথে ছিলেন জেলা বিএনপির সদস্য অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনসহ নেতৃবৃন্দ। আবু নঈমের মৃত্যুর সংবাদ শুনে ঢাকা থেকে মোবাইল ফোনে তার শোকাহত স্বজনদের খোঁজ-খবর নেন এবং সান্ত্বনা দেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বাদজোহর শংকরপুর আলহাজ্ব মতিউর রহমান মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মো. ইসহক, আব্দুস সালাম আজাদ, হাজী আনিছুর রহমান মুকুল ও কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টি মাকসবাদী-এর সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনি, সাবেক পৌর কাউন্সিলর অ্যাড. জুলফিকার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।
জানাজা শেষে আবু নঈমকে কারবালা কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন- বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ ইসলাম অমিত ও জেলা আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। বিবৃতিতে নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তার শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপ বিবৃতি দিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, অ্যাড. মো. ইসহক, আব্দুস সালাম আজাদ, আলহাজ্ব মিজানুর রহমান খান প্রমুখ।