পাইকগাছায় তিনটি পরিবার অবরুদ্ধ

0
ছবি: সংগৃহীত।

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় নতুন বসতির কারণে শত বছরে যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে। ফলে তিনটি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে।

এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হলেও প্রতিপক্ষ কোথাও উপস্থিত হচ্ছে না বলে জানালেন ভুক্তভোগী পরিবারগুলো। উপজেলার গদাইপুর ইউনিয়নের ঘোষাল গ্রামের স্থায়ী বাসিন্দা বিশ্বজিৎ মিস্ত্রি ও তার পূর্ব পুরুষরা।

এ এলাকার সাধারণ মানুষ একটি পথ দিয়ে শত বছর আগে থেকে চলাচল করে আসছেন বলে এলাকাবাসী জানান। পথের পূর্ব মাথার কিছু অংশ চেঁচুয়া গ্রামের জনৈক নুরুল হক মিস্ত্রির পৈত্রিক সম্পত্তির অংশ বলে জানা যায়। তাদের কাছ থেকে কয়েক মাস আগে চেঁচুয়া গ্রামের আছের দপ্তরীর ছেলে মোক্তার দপ্তরী ৫ শতক জমি কিনে গত ২৩ জুলাই পথটি ঘিরে বেড়া দিয়ে বন্ধ করে দেন। ফলে বিশ্বজিৎ মিস্ত্রি, বিষ্ণুপদ মিস্ত্রি ও অসীমা মিস্ত্রির যাতায়াতের পথ একেবারেই বন্ধ হওয়ায় তারা অবরুদ্ধ হয়ে পড়েছেন।

এ অবস্থা দেখে পাশের জমির মালিক রেজাউল নায়েব তার পুকুরের পাশ দিয়ে এক- দেড় হাত জায়গা ছেড় দেওয়ায় সেখান দিয়ে তারা চলাচল করছেন। কিন্তু বিষ্ণুপদর ভ্যান ও বিশ্বজিতের বাইসাইকেল আনা- নেওয়া করতে না পারায় পথের পাশে অন্যের বাড়িতে রাখতে হচ্ছে।

বিশ্বজিৎ জানান, পথের কারণে তার বাড়ির এক সদস্যের বিয়ে পর্যন্ত ভেঙে গেছে। মোক্তার দপ্তরী বলেন, আমার কেনা জমিতে পথ থাকবে, লোকজন চলাচল করবে, তা হবে না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, অভিযোগ পেয়েছি। গ্রাম্য আদালতে ইউপি চেয়ারম্যানের দপ্তরে পাঠানো হয়েছে। ইউপি চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান বলেন, উভয়পক্ষকে নোটিশ করা হয়েছিলো। কিন্তু বিবাদীরা উপস্থিত হননি। আগামী রোববার ৯ আগস্ট সরেজমিনে গিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।