যশোর সদরে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ ও কমিটি নিয়ে অস্থিরতা জেলা প্রশাসককে জানালেন প্রধান শিক্ষকরা

0

 

স্টাফ রিপোর্টার॥ যশোর সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বজায় রাখার দাবিতে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। বুধবার দুপুরে এ স্মারকলিপি দেয়া হয়।
স্মারকলিপিতে প্রধান শিক্ষকেরা উল্লেখ করেন, যশোর সদর উপজেলায় ১৫৬টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগ ও ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে অস্থিরতা বিরাজ করছে। প্রধান শিক্ষকদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। সম্প্রতি যশোর আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিনকে বাসায় ডেকে নিয়ে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ কর্তৃক অমানবিকভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। যেটা বর্বরোচিত ঘটনা। এ ঘটনায় সবার নিন্দা ও ধিক্কার জানানোর ভাষাও শেষ হয়ে গেছে। তার নির্যাতনের মূল ইস্যু ছিল প্রতিষ্ঠানের তিনজন কর্মচারী নিয়োগ ও ম্যানেজিং কমিটি গঠন। এছাড়াও রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমী, জঙ্গলবাঁধল মাধ্যমিক বিদ্যালয় ও আয়শা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বর্তমানে অস্থিরতা বিরাজ করছে। ম্যানেজিং কমিটি গঠন করতে যেয়ে প্রধান শিক্ষকেরা বেশ নাজেহাল হচ্ছেন। হুমকি-ধামকির শিক্ষার হচ্ছেন। প্রতিষ্ঠানে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন আয়শা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমীর প্রধান শিক্ষক বিএম জহুরুল পারভেজ, আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজেড পারভেজ মাসুদ, প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধাকান্ত, জাঙ্গলবাধল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার হোসেন প্রমুখ।