যশোর শহরের সিভিল কোর্ট মোড়ে ল্যাপটপ পয়েন্টে চুরি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের সিভিল কোর্ট মোড়ের ল্যাপটপ পয়েন্টে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত এক দুর্বৃত্ত ওই প্রতিষ্ঠানে হানা দিয়ে দুটি ল্যাপটপ ও নগদ টাকাসহ পৌনে ২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এছাড়া ভাঙচুর করেছে তিনটি কোজ সার্কিট ক্যামেরা। স্থানীয় সূত্রে জানা যায়, শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে মো. মাহমুদ হাসানের যশোর শহরের সিভিল কোর্ট মোড়ে রওশন আলী বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় ল্যাপটপ পয়েন্ট নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গত ১ জানুয়ারি বুধবার রাত আটটার দিকে কর্মচারীরা ওই দোকান বন্ধ করে চলে যান। পরদিন ২ জানুয়ারি বৃহস্পতিবার সকালে তারা দোকানে এসে দেখতে পান সার্টারের তালা লাগানো আংটা এবং থাই গ্লাস ভাঙা। এছাড়া দোকানের ভেতরের দুটি ও বাইরের একটি সিসি ক্যামেরা ভাঙা রয়েছে। আর দোকানের ভেতর মালামাল তছনছ করা। দোকানের ভেতর রাখা দুটি ল্যাপটপ, নতুন ৮টি সিসি ক্যামেরাসহ দেড় লাখ টাকার মালামাল এবং ক্যাশ ড্রয়ারে রতি নগদ ২৫ হাজার টাকা নেই। পরে সিসি ক্যামেরার ফুটেজ থেকে তারা দেখতে পান যে, মানকি টুপি পরা অজ্ঞাত পরিচয় একজন চোর বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে দোকানের ভেতর ঢুকে উল্লিখিত মালামাল ও নগদ টাকা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় দোকান মালিক মো. মাহমুদ হাসান কোতয়ালি থানায় মামলা করেছেন।