বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ

0
চীন সফরের শেষ দিনে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ দেশটির প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে ঐতিহাসিক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণিজ্য, বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতা বৃদ্ধিসহ দুই দেশের বহুমাত্রিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে এ বৈঠক অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে। চার দিনের সফর শেষে আজ বিকেলেই ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।। ছবি: সংগৃহীত

চীন সফরের শেষ দিনে বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপল-এ দেশটির প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় আজ শুক্রবার (২৬ জুন, ২০২৬) সকালে দুই দেশের শীর্ষ নেতার মধ্যে এই গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ সকাল সাড়ে ১০টায় এই ঐতিহাসিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের সামগ্রিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় দ্বিপক্ষীয় আলোচনায় স্থান পায়। বাংলাদেশের মানুষের উন্নয়ন ও অগ্রযাত্রা আরও সুসংহত করার লক্ষ্যে এই শীর্ষ বৈঠকটি অত্যন্ত ইতিবাচক ফলাফল বয়ে আনবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

মুখপাত্র মাহদী আমিন আরও উল্লেখ করেন, এই বৈঠকের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের বহুমাত্রিক সম্পর্ক আরও গভীর হবে। কৌশলগত সহযোগিতা থেকে শুরু করে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, উন্নয়ন প্রকল্প এবং দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক—সব ক্ষেত্রেই অংশীদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছাবে বলে উভয় পক্ষ আশাবাদী।

আজ শুক্রবার বিকেলেই চার দিনের এই সফল চীন সফর শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর ২৪ জন সফরসঙ্গী ঢাকার উদ্দেশে বেইজিং ত্যাগ করবেন। এই উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এছাড়া প্রধানমন্ত্রীর পাঁচজন উপদেষ্টা—হুমায়ুন কবির, এ কে এম শামসুল ইসলাম, রাশেদ আল মাহমুদ তিতুমীর ও মাহদী আমিন সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

উল্লেখ্য, গত ২১ জুন নিজের প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে গত সোমবার রাতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে চীনের দালিয়ানে আসেন তিনি। দালিয়ানে দুদিনের কর্মসূচি শেষ করে গত বুধবার বিকেলে বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী। সফরের শেষ দিনে আজ প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সাথে বৈঠকের পাশাপাশি সকালে ন্যাশনাল পিপলস কংগ্রেসের ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে গ্রেট হলে সাক্ষাৎ এবং চীনের জাদুঘর পরিদর্শন করেন তিনি। আজ বিকেল ৫টায় বেইজিং থেকে বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা।