যশোর রেলস্টেশনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পুলিশ সদস্য জখম,আটক ১

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর রেলস্টেশনে গত শনিবার দিবাগত রাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আনিচুর রহমান (৩৫) নামে একজন পুলিশ কনস্টেবল গুরুতর জখম হয়েছেন। ছিনতাইয়ে বাধা দেওয়ায় তাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। পুলিশ এ ঘটনায় জড়িত অভিযোগে ইকরাম হোসেন (২৪) নামে এক দুর্বৃত্তকে আটক করেছে। শহরের চাঁচড় মোড় থেকে তাকে আটক করা হয়।
আহত পুলিশ কনস্টেবল আনিচুর রহমান যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিত্তিপাড়া গ্রামের ছমির উদ্দিনের ছেলে।
যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মোজাহেদ আলী সরকার জানান, কনস্টেবল (কং-৩১৯) আনিচুর রহমান গত শনিবার রাতে রেলস্টেশন প্লাটফর্মে ডিউটিতে ছিলেন। রাত আড়াইটার দিকে খুলনাগামী রকেট মেইল ট্রেন চিলহাটি থেকে যশোর রেলস্টেশনে এসে পৌঁছায়। এ সময় ৩/৪ জন ছিনতাইকারী যাত্রীদের কাছ থেকে টাকা ও মালামাল ছিনতাইয়ের জন্য ট্রেনে উঠে পড়ে। বিষয়টি দেখতে পেয়ে কনস্টেবল আনিচুর রহমান তাদের ধাওয়া করলে তারা ট্রেন থেকে নেমে দৌড়ে ওভার ব্রিজের ওপর গিয়ে ওঠে। কনস্টেবল আনিচুর রহমান তাদের পিছু নিয়ে ওভার ব্রিজের ওপর উঠলে ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি কিলঘুষি মারে। এক পর্যায়ে ছিনতাইকারীদের মধ্যে আসিফ নামে একজন কনস্টেবল আনিচুর রহমানের বুকে ছুরিকাঘাতে চেষ্টা করলে তিনি লাঠি প্রতিহত করেন। তখন ছিনতাইকারী আসিফ তার বাম পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ খবর পেয়ে যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির অন্য সদস্যরা ছুটে গিয়ে আহত আনিচুর রহমানকে উদ্ধার করেন। পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায়, ওই ঘটনায় ৭ দুর্বৃত্তকে আসামি করে রোববার খুলনা রেলওয়ে থানায় মামলা করেছেন এএসআই মোজাহেদ আলী সরকার। আসামিরা হচ্ছে, শংকরপুর গাড়োয়ানপট্টির আলীর ছেলে আসিফ, চাঁচড়া রায়পাড়ার জাফরের ছেলে সজিব, কিচলুর ছেলে শাহিন, জাহাঙ্গীর আলমের ছেলে ইকরাম, হবির ছেলে গাজী, ওসমানের ছেলে আকাশ ও পুলেরহাটের কবিরের ছেলে মুরাদ। এর মধ্যে ইকরামকে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে চাঁচড়া মোড় থেকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, উল্লিখিতরা ছাড়াও শংকরপুর গাড়োয়ানপট্টির জাফর ও ষষ্ঠীতলা এলাকার ফয়সাল দীর্ঘদিন ধরে রেলস্টেশনে ট্রেনযাত্রীদের কাছ থেকে টাকা, মোবাইল ফোনসেটসহ বিভিন্ন মালামাল ছিনতাই করে আসছে। বিশেষ করে রাতে বেলায় ভয়ঙ্কর হয়ে ওঠে উল্লিখিত ছিনতাইকারীরা। অপরাধীরা ষষ্ঠীতলা এলাকার একটি সন্ত্রাসী চক্রের সদস্য হওয়ায় ভয়ে কেউ তাদের কর্মকা-ের প্রতিবাদ করতে সাহস পায় না।