যশোর যুবদলের সাবেক সভাপতি এহসানুল হক মুন্নার ইন্তিকাল

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা যুবদলের সাবেক সভাপতি এহসানুল হক মুন্না ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটের পর নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন।

জাতীয়তাবাদী রাজনীতিতে নিবেদিত প্রাণ এ যুবদল নেতার জীবনাবসানে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত ও জেলা যুবদল। আরও শোক প্রকাশ করেছেন দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত।

যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা জানান, এহসানুল হক মুন্না ২০০২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত জেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সালে আওয়ামী লীগ-যুবলীগ সন্ত্রাসীদের হামলায় তিনি বুকে গুলিবিদ্ধ হন। দীর্ঘ চিকিৎসায় জীবন রক্ষা পেলেও তিনি স্থায়ী অসুস্থ হয়ে পড়েন। মাঝে স্ট্রোক করার পর তার অসুস্থতা আরও বৃদ্ধি পায়।

তিনি আরও জানান, আজ রোববার বাদ জোহর চাঁচড়া জামে মসজিদে মুন্নার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতির প্রতি আজীবন আস্থাশীল এহসানুল হক মুন্না যশোরে সামাজিকভাবেও সুপরিচিত ছিলেন। তাঁর পিতা মরহুম জহিরুল হক চুওয়া।

যশোর শহরের চাঁচড়ার স্থায়ী বাসিন্দা এ পরিবার শহরের লালদীঘির পূর্ব পাড়ে বসবাস করেন। মৃত্যুকালে মুন্না স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।