যশোর মেডিকেল কলেজে শিক্ষার্থী নির্যাতনে অভিযুক্তদের রক্ষায় তৎপর বিএমএ নেতা

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মেডিকেল কলেজ হোস্টেলে নির্মম নির্যাতনের শিকার শিক্ষার্থী জাকির হোসেনকে যথাযথ চিকিৎসা ছাড়াই ছাড়পত্র দিয়ে তাকে বাড়ি পাঠানোর অপচেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ইন্টার্নি চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রাসেলের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন জাকির হোসেন। এছাড়া বিএমএ’র একজন প্রভাবশালী নেতা অভিযুক্তদের রক্ষায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন অভিযোগ রয়েছে।
অপরদিকে তদন্ত কমিটির কার্যক্রমের মেয়াদ আরও ৫ দিন বাড়ানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির প্রধান প্রফেসর ডা. এ কে আলম।
নির্যাতিত জাকির হোসেন অভিযোগ করেন, তাকে যেন হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয় সেই জন্য তদবির চালিয়ে যাচ্ছেন শাহাদাৎ হোসেন রাসেল। তিনি বলেন, তার মোটরসাইকেলটিও এখনো ফেরত দেয়া হয়নি। অভিযুক্তরা তার মোটরসাইকেলটি ব্যবহার করছেন বলে জানতে পেরেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, জাকির হোসেনকে নির্যাতনে অভিযুক্ত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িতদের রক্ষার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের সাবেক কর্মকর্তা ও বিএমএ’র প্রভাবশালী নেতা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পুলিশের ওপর প্রভাব খাটানো কারণে নির্যাতনের ঘটনায় কোতয়ালি থানায় দেয়া অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করেনি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত ৪ ফেব্রয়ারি কোতয়ালি থানা পুলিশের ওসি মো. তাজুল ইসলাম দৈনিক লোকসমাজকে জানিয়েছিলেন, যেহেতু যশোর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে, সেই কারণে ওই কমিটির রিপোর্টের অপেক্ষায় রয়েছেন । তদন্ত কমিটির রিপোর্ট প্রাপ্তির পর যশোর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ও বাদির সাথে আলোচনার পর মামলা রেকর্ডে পদক্ষেপ নিবেন।
তদন্ত কমিটির প্রধান প্রফেসর ডা. এ কে আলম জানান, তাদেরকে তদন্ত করে ৩ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলেছিলো কর্তৃপক্ষ। কিন্তু তদন্তে তাদের আরো সময়ের প্রয়োজন। এ কারণে তাদের আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ আরো ৫ দিন বাড়িয়েছে। সময় বৃদ্ধির কারণে আগামী শনিবার পর্যন্ত তারা তদন্ত কার্যক্রম চালিয়ে যাবেন।