যশোর পৌর হেরিটেজ মার্কেটের দোকান বরাদ্দে নয়ছয়ের অভিযোগ

0

মাসুদ রানা বাবু ॥ যশোর পৌর হেরিটেজ মার্কেটের দোকান বরাদ্দ নিয়ে নয় ছয়ের অভিযোগ উঠেছে। পৌর কর্তৃপক্ষ কিছু দোকান নিজেদের দখলে নিতে নানা কৌশলের আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
পৌর কর্তৃপক্ষ জানায়, বিগত মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুর সময়ে লালদিঘির উত্তরপাড়ের পুরাতন পৌর ভবনের সামনে বেজমেন্টসহ ১০ তলা ফাউন্ডেশনের দুই তলা বিশিষ্ট পৌর হেরিটেজ মার্কেটের নির্মাণ কাজ শুরু হয়। বর্তমান মেয়র দায়িত্ব গ্রহণের পর ২০ কোটি ৮১ লাখ ৬০ হাজার ৮৪১ টাকায় নির্মাণ কাজ শেষ হয়। এর মধ্যে প্রথম এবং দ্বিতীয় তলা মিলে মোট ৭৩টি দোকানের মধ্যে গত ২৪ এপ্রিল ৬০ টি দোকানের অগ্রিম ও মাসিক ভাড়ার ভিত্তিতে বরাদ্দ প্রদানের জন্য দরপত্র আহ্বান করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে পৌর কর্তৃপক্ষ। মে মাসের ১২ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় পৌরসভার হিসাব শাখা থেকে শিডিউল ক্রয় করার জন্য বলা হয়। পৌর ভবনে অবস্থিত দরপত্রের বক্সে ১৩ মে দুপুর ১ টার মধ্যে জমা দেওয়ার জন্য বলা হয়।
পৌরসভার দায়িত্বপ্রাপ্ত একাধিক কর্মকর্তা জানান, দরপত্রে আহ্বান করা ৬০টি দোকানের মধ্যে ছয় থেকে সাতটি দোকানের জন্য একটি করে শিডিউল বিক্রি করা হয়। এছাড়া বাকি দোকান গুলোতে একাধিক সিডিউল বিক্রি হয়। ৬০টি দোকানের বিপরীতে ৩২৪ টি শিডিউল বিক্রি হয়। যেগুলোর একটি করে শিডিউল বিক্রি হয়েছে পৌর মেয়রের ইন্ধনে এমন অভিযোগ নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার একাধিক কর্মকর্তার।
বিজ্ঞপ্তি অনুযায়ী ১৩ তারিখ বেলা ৩ টায় দরপত্রের বক্স খোলা হয়। এরপর ২৩ মে বেলা সাড়ে ১১ টায় পৌরসভার সভাকক্ষে লটারি হওয়ার কথা থাকলেও অদৃশ্য কারণে সেটি না করে স্থগিত করে ২১ মে পৌর মেয়র স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে পৌর হেরিটেজ মার্কেটের দোকান বরাদ্দের লটারির বিষয়টি স্থগিতের কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করে অনিবার্য কারণ উল্লেখ করা হয়। আগামী ১১ জুন সকাল সাড়ে ১১ টায় লটারির জন্যে পুনরায় দিন ধার্য করা হয়।
এদিকে বরাদ্দ তালিকার ৬০টি দোকানের মধ্যে প্রথম তলার ৬টি এবং দ্বিতীয় তলার ৫টি মোট ১১টি দোকান মেয়রের জন্যে প্রথম তলার ৫টি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্যে করা হয়। বাকি প্রথম তলার ১২টি এবং দ্বিতীয় তলার ৩২টি মোট ৪৪টি দোকান সর্বসাধারণের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।
রোববার এই প্রতিবেদক অভিযোগ সত্যতা যাচাইয়ে এবং পৌর মেয়রের বক্তব্য নিতে পৌর ভবনে যান। সেখানে প্রায় দুই ঘন্টা অপেক্ষার পর বেলা ১২টার সময় মেয়র হায়দার গণী খান পলাশ তার কার্যালয়ে আসেন। বিষয়টি নিয়ে কথা বলা মাত্রই পৌর মেয়র এই প্রতিবেদকের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন । তিনি বলেন, আপনাকে কে বলেছে একটি করে শিডিউল বিক্রি হয়েছে। এখনো টেন্ডারবক্স ওপেন হয়নি। লোকসমাজের ক্যারেক্টার হলো উদ্ভট তথ্য নিয়ে নিউজ করা।
কেন নির্দিষ্ট সময়ে টেন্ডার লটারি হলো না এমন প্রশ্নে তিনি বলেন, এর জন্য টেন্ডার কমিটি আছে। কমিটি সময়মতো লটারি করবে। তবে সেই কমিটিতে কে বা কারা আছেন, সে বিষয়ে তিনি কোনো কথা বলেননি।
এদিকে পৌর মেয়র তার বক্তব্যে দরপত্রের বক্স খোলা হয়নি, এমন কথা বললেও তার স্বাক্ষরিত লটারি তারিখ স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে ১৩ মে দুপুর ১ টার মধ্যে পৌর ভবনে অবস্থিত দরপত্রের বক্সে আবেদন গ্রহণ করা হয় এবং ওই দিন বেলা ৩ টায় দরপত্রের বক্স খোলা হয়।