যশোর জজ কোর্ট মার্কেটের ব্যবসায়ী শুকুরসহ ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জজ কোর্ট মার্কেটের ব্যবসায়ী শুকুর আলীসহ ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বুধবার আদালতে মামলা হয়েছে। কালেক্টরেট মার্কেটের ব্যবসায়ী জাহিদুল ইসলাম মামলাটি করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহমেদ তার অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্যে পিবিআইকে আদেশ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন, জজ কোর্ট মার্কেটের মুক্তা গার্মেন্টসের মালিক শুকুর আলী মোল্লা এবং শহরের পশ্চিম বারান্দীপাড়া কদমতলার মোড় এলাকার বাসিন্দা আওলাত হোসেন মনির ও তার ছেলে মোহাম্মদ সাকিন।
ব্যবসায়ী জাহিদুল ইসলামের অভিযোগ, আসামিরা তার নিকটজন। কিন্তু তারা বিভিন্ন সময় তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। এ জন্যে তাকে হুমকি- ধামকি দিয়ে আসছিলেন তারা। গত ১৫ ডিসেম্বর রাত ৮টার দিকে লোহার রড ও বার্মিজ চাকু নিয়ে দোকানে গিয়ে তারা তার ওপর চড়াও হন। এরপর তারা তাকে ১৫ দিনের মধ্যে চাঁদার টাকা দেয়ার হুমকি দিয়ে সেখান থেকে চলে যান। এ ঘটনার পর গত ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে আসামিরা ফের তার দোকানে গিয়ে তার কাছে ২ লাখ টাকা দাবি করেন। তিনি চাঁদার টাকা দিতে অস্বীকার করলে আসামি সাকিন তার গলায় চাকু ঠেকিয়ে তাকে হত্যার হুমকি দেন। এছাড়া তারা তার দোকানের ক্যাশবাক্স থেকে ৬০ হাজার টাকা লুট করে নেন। পরে তারা তাকে হুমকি- ধামকি দিয়ে সেখান থেকে চলে যান।