যশোর উপশহরে বেপরোয়া ট্রাক কেড়ে নিল যুবকের প্রাণ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর উপশহরে গতকাল বিকেলে বেপরোয়া ট্রাকের চাপায় মামুন হোসেন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। মোটর সাইকেল যোগে কাজে যাওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন হোসেন যশোর সদর উপজেলার নাটুয়াপাড়া গ্রামের আলমগীর হোসেনের পুত্র। শেখহাটি এলাকার গরুর ফার্মের মালিক রফিকুল ইসলাম জানিয়েছেন, মামুন হোসেন নসিমন চালক। গতকাল বিকেল ৫টার দিকে মোটর সাইকেলযোগে তিনি উপশহর খাজুরা বাসস্ট্যান্ড এলাকা থেকে উপশহর বাবলাতলার দিকে যাচ্ছিলেন। পথের মাঝে উপশহর ক্লাব (গাংচিল শোরুম) মোড়ে পৌঁছুলে বেপরোয়াগতিতে আসা একটি ট্রাক পেছন থেকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক মামুন হোসেন গুরুতর আহত হলে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণ পর মামুন মৃত্যুবরণ করেন। ইন্টার্ন চিকিৎসক ডা. মেরিনা জাহান জ্যোতি সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে মৃত ঘোষণা করেন।