ঝিকরগাছায় সন্ত্রাসীদের হামলায় ছাত্রদলের পাঁচ নেতাকর্মী জখম

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছার পল্লীতে সন্ত্রাসী হামলায় ছাত্রদলের ৪ নেতাকর্মী মারাত্মক জখম হয়েছেন। এরা হলেন, বাঁকড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য আরিফ বিল্লাহ (৩০), ছাত্রনেতা সবুজ হোসেন, রাশেদ আলী, আসাদুজ্জামান ও মনির হোসেন। আহতদের মধ্যে বাঁকড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য ও দিকদানা গ্রামের আব্দুল বারিকের পুত্র আরিফ বিল্লাহর অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহত আরিফ বিল্লাহ ও বাঁকড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবু সাঈদ জানিয়েছেন, দিকদানা স্কুলমাঠে চলতি ক্রিকেট টুর্নামেন্টের খেলা দেখতে যান আরিফসহ তার বন্ধুরা। খেলা শেষে বাড়ি ফেরার সময় দিকদানা বাজারে পৌঁছলে পূর্ব শত্রুতার জের ধরে খোশালনগর গ্রামের বাসিন্দা আওয়ামী লীগের নেতা হাশেম আলীর নেতৃত্বে তার ছেলে রুবেল এবং একই গ্রামের জুয়েল, ইমান, লিটনসহ আরো ৫/৬ জন ছাত্রদল নেতাদের ওপর হামলা করে। হামলায় আরিফ বিল্লাহসহ সকলেই আহত হন। এ ব্যাপারে জানতে চাইলে বাঁকড়া আইসি ক্যাম্পের ওসি মো. শাহিনুল কবির বলেন, বিষয়টি তিনি শুনেছেন, কিন্তু এখনো কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।