যশোরে ৮ মাসে যক্ষায় আক্রান্ত ৩ হাজার ২৩, মৃত্যু ১১ জন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে চলতি বছরে গত আট মাসে তিন হাজার ২৩ জন যক্ষারোগে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৭৬ জন শিশুও রয়েছে। এছাড়া এ রোগে মারা গেছেন ১১ জন। আক্রান্তদের মধ্যে এ রোগ নির্মূলে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে চিকিৎসায় সুস্থ হয়েছেন তিনশ’ ৩২ জন। বর্তমানে জেলাতে যক্ষারোগে চিকিৎসাধীন রয়েছেন দুই হাজার ৬শ’ ৯১ জন। বুধবার বেলা সাড়ে ১০ টায় রেডক্রিসেন্ট যশোরের মিলনায়তনে অ্যাডভোকেসি সভায় এ তথ্য উপস্থাপন করে ব্র্যাক। বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) যশোর জেলা শাখার উদ্যোগে এই অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
ব্র্যাক যশোরের সহযোগিতায় অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে অত্যাধুনিক জিন এক্সপার্ট মেশিনের সাহায্যে যক্ষা রোগী শনাক্তের শতভাগ নির্ভুল পরীক্ষা করা সম্ভব হচ্ছে। তার পরেও সম্পূর্ণ সরকারি খরচে যক্ষা রোগের চিকিৎসার ব্যবস্থা থাকলেও জনসচেনতার অভাবসহ নানা কারণে এখনও অনেক মানুষ চিকিৎসা কেন্দ্রে যান না। তাই সামাজিক আন্দোলন দরকার। সভা থেকে আরও জানানো হয় আশাপাশের কারো ২ সপ্তাহের বেশি কাশি, সন্ধ্যায় জ্বর, শ্বাসকষ্ট এবং খাবারে অরুচি হলে কফ পরীক্ষা করতে উৎসাহিত করা হয়। এ ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
জেলা নাটাবের সভাপতি অ্যাডভোকেট জাফর সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জনের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ। এসময় বক্তব্য রাখেন যশোর সিভিল সার্জন অফিসের শিক্ষা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এম বাতেন, জেলা নাটাবের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, ব্র্যাক যশোরের এরিয়া সুপারভাইজার শেখ শরিফুল ইসলাম।