পাইকগাছায় অজ্ঞাত রোগে মরছে রেইনট্রি বিপর্যয়ের আশঙ্কা পরিবশেবিদদের

0

এইচ.এম.শফিউল, কপিলমুনি (খুলনা) ॥ খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিসহ আশপাশ এলাকাতে অজ্ঞাত রোগে মরে সাবাড় হয়ে যাচ্ছে রেইনট্রি। স্থানীয় লোকজন এটাকে শিশু বা শিরিশ বা কেউ কেউ আবার চটকা গাছ বলে থাকে। গত কয়েক বছরের ব্যবধানে এ উপজেলার বিভিন্ন সড়ক ও সরকারি প্রতিষ্ঠানের দেড় হাজারেরও বেশি রেইনট্রি মরে গেছে।
এতে একদিকে যেমন আর্থিকভাবে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে, অপরদিকে হুমকির মুখে পড়েছে প্রকৃতি ও পরিবেশ। কি কারণে এসব গাছ মরে যাচ্ছে স্থানীয় বনবিভাগ সেটি এখনো শনাক্ত করতে পারেনি, পাশাপাশি রোগ প্রতিরোধে কার্যকর কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি। এর ফলে ভবিষ্যতে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন পরিবেশবিদরা।
উল্লেখ্য উপকূলীয় এ অঞ্চলে বিভিন্ন প্রজাতির গাছপালা রয়েছে, এর মধ্যে দ্রুত বর্ধনশীল গাছ হচ্ছে রেইনট্রি, এটি খুব দ্রুত বেড়ে ওঠে, কয়েক বছরের মধ্যে বড় গাছে পরিণত হয়, মানুষ দ্রুত এ ডালপালাকে জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারে এবং প্রয়োাজনে গৃহস্থালী এবং আসবাবপত্র তৈরি করাসহ বিক্রি করে প্রয়োজনীয় আর্থিক সুবিধা পেয়ে থাকে। এজন্য উপকূলীয় অঞ্চলে খুব দ্রুত সময়ের মধ্যে জনপ্রিয় গাছের তালিকায় স্থান করে নেয় রেইনট্রি। সরকারিভাবে বিভিন্ন সড়কের পাশে লাগানো হয় এ গাছ। সড়কের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানের জায়গায় লাগানো হয় রেইনট্রি। এছাড়া সাধারণ মানুষও তাদের নিজেদের জায়গায় প্রচুর পরিমাণে রেইনট্রি লাগায়। বন বিভাগের তথ্য অনুযায়ী ২০১৬ সালের দিকে এ অঞ্চলে এ রোগ দেখা দেয়। বর্তমানে ব্যাপক হারে মরে যাচ্ছে গুরুত্বপূর্ণ এ গাছটি।
উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায় বলেন রেইনট্রি এ অঞ্চলের দ্রুত বর্ধনশীল একটি গুরুত্বপূর্ণ গাছ। কী রোগে মরে যাচ্ছে সেটি এখনো জানা সম্ভব হয়নি। তবে রোগ শনাক্ত ও প্রতিকারসহ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল ভদ্র জানান উন্নয়ন ও কর্মপরিকল্পনায় জাতীয় পর্যায়ে উপকূলীয় অঞ্চলকে অধিক গুরুত্ব দিতে হবে। এ অঞ্চলের প্রাণ প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় টেকসই উদ্যোগ নিতে হব। উপকূলীয় অঞ্চলের জন্য উপযোগী গাছ বেশি বেশি লাগাতে হবে। গাছ শুধু লাগালে হবে না, সেটি সংরক্ষণের জন্য যথাযথ ব্যবস্থা থাকতে হবে।
বন বিবির সভাপতি প্রকাশ ঘোষ বিধান বলেন এ অঞ্চল থেকে যেসব গাছ মরে যাচ্ছে রোগ নির্ণয় সহ প্রতিকার ব্যবস্থা বের করতে হবে। পাশাপাশি প্রাণ পরিবেশ ও প্রকৃতি রক্ষায় উপকূলীয় অঞ্চলের মানুষদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় উদ্যোগ ও কৌশল কে কাজে লাগাতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন জানান যে কোনো গাছ প্রকৃতি ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ ঠিক থাকলে সবকিছুই ঠিক থাকে, এজন্য পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিটি গাছের যত্ন নেওয়া উচিত। রেইনট্রি কেন মরে যাচ্ছে এটি নির্ণয় করার জন্য বন বিভাগকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে।