চুয়াডাঙ্গায় মৎস্য কেন্দ্রের সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

0
ছবি: সংগৃহীত।

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছী ইউনিয়নে একটি মৎস্য অবতরণ কেন্দ্রের সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে দর্শনা থানা পুলিশ উপজেলার রায়সা বিলের মৎস্য কেন্দ্রের সামনে থেকে এই সন্দেহজনক বস্তুটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৎস্য অবতরণ কেন্দ্রের একটি ভবনে সংস্কার কাজ করছিলেন শ্রমিকরা। কাজ করার সময় তারা লাল রঙের টেপ দিয়ে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু দেখতে পান। পরে বিষয়টি দ্রুত দর্শনা থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে বস্তুটিকে নিজেদের হেফাজতে নেয়।

ছবি: সংগৃহীত।

এলাকায় আতঙ্ক সৃষ্টি ও অস্থিতিশীল পরিবেশ তৈরির উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হতে পারে বলে ধারণা করছেন কুড়ুলগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন করার দাবি জানান।

দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৎস্য অবতরণ কেন্দ্রের সামনে থেকে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া বস্তুটি আসলে কোনো বিস্ফোরক কি না, তা পরীক্ষা করে দেখার প্রক্রিয়া চলছে।