বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা

0
প্রথম বিদেশ সফরের দ্বিতীয় গন্তব্যে চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চাউমিং স্টেশনে তাঁকে ও ডা. জুবাইদা রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে।। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে চীনের রাজধানী বেইজিংয়ের চাউমিং রেলওয়ে স্টেশনে এসে পৌঁছান। সেখানে তাকে ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। এরপর বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে তাদের চীনের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাই গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ও সফরসঙ্গীরা বেইজিং সফরকালে এই গেস্ট হাউসেই থাকবেন।

বেইজিংয়ে আসার আগে প্রধানমন্ত্রী দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ সকাল ১০টায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর বার্ষিক সভায় অংশ নেন। সভা শেষে স্থানীয় সময় বেলা ১টা ৫৮ মিনিটে দালিয়ান উত্তর রেলওয়ে স্টেশন থেকে হাই স্পিড বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে রওনা দেন।

এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনিসহ অন্যরা।

উল্লেখ্য, মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষ করে গত সোমবার দালিয়ানে আসেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গত ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়া ও চীনে এটি তার প্রথম বিদেশ সফর।