মুদিদোকানসহ বিভিন্ন ব্যবসা খাতকে সুনির্দিষ্ট করের আওতায় আনার পরিকল্পনা: সংসদে অর্থমন্ত্রী

0
মুদিদোকান, প্রসাধনসামগ্রী, রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসা খাতকে ২০২৬–২৭ অর্থবছরে সুনির্দিষ্ট কর ও ভ্যাটের আওতায় আনার পরিকল্পনার কথা জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।। ছবি: সংগৃহীত

দেশের মুদিদোকান ও প্রসাধনসামগ্রীর দোকানসহ বিভিন্ন ধরনের খুচরা ও পাইকারি ব্যবসায়িক খাতকে আগামী ২০২৬–২৭ অর্থবছরে সুনির্দিষ্ট করের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। আজ বুধবার (২৪ জুন, ২০২৬) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের লিখিত জবাবে অর্থমন্ত্রী এই পরিকল্পনার কথা জানান।

অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, দেশের অভ্যন্তরীণ রাজস্ব খাত শক্তিশালী করতে আগামী অর্থবছরে বেশ কিছু সুনির্দিষ্ট ব্যবসায়ী খাতকে ভ্যাটের (মূল্য সংযোজন কর) আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এই খাতগুলোর মধ্যে রয়েছে— মুদিদোকান, তৈরি পোশাক বা কাপড় বিক্রেতা, কনফেকশনারি, প্রসাধনসামগ্রীর দোকান, প্লাস্টিক ও সিরামিকের গৃহস্থালি পণ্য, জুতার দোকান, হার্ডওয়্যার পণ্যের বিক্রেতা এবং ডেকোরেটরস।

এছাড়া মুঠোফোন, এসি, ফ্রিজ, ওভেন ও অন্যান্য ইলেকট্রনিকস পণ্যের বিক্রেতা; পেইন্ট, হার্ডওয়্যার, সেনিটারি ও ফিটিংস; টাইলসের দোকান, ঢেউটিনের দোকান, রড ও সিমেন্ট, ফার্নিচার, মিষ্টান্ন ভান্ডার এবং রেস্তোরাঁকেও এই নতুন করের আওতাভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সংসদে বিগত সময়ের রাজস্ব আদায়ের চিত্র তুলে ধরে অর্থমন্ত্রী আরও জানান যে, বিগত ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড ভ্যাট বাবদ মোট ১ লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকা রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছে।